তারকা হোটেলে স্ট্রিট ফুড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে ফোর পয়েন্টস হোটেলে চলছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল
গুলশানে ফোর পয়েন্টস হোটেলে চলছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল

স্ট্রিট ফুড বলতে আমাদের চোখে ভেসে ওঠে রাস্তার পাশে ভ্রাম্যমাণ ভ্যান বা দোকানে তৈরি নানান পদের মসলাদার খাবার। বিভিন্ন দেশের নানা স্ট্রিট ফুডের স্বাদ একসঙ্গে নেওয়ার ব্যবস্থা করেছে রাজধানীর ফোর পয়েন্ট রেস্তোরাঁ।

গুলশান ২ নম্বর গোলচত্বরের ফোর পয়েন্টস হোটেলের ২৪ তলায় দ্য ইটারি রেন্টুরেন্টে আয়োজন করা হয়েছে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল। উৎসবটি শুরু হয় এ মাসের ১৩ তারিখে। শেষ হওয়ার কথা ছিল ২০ মে। ভোজনরসিকদের সাড়া পেয়ে ২৬ মে পর্যন্ত রাখা হচ্ছে এই আয়োজন।

এই স্ট্রিট ফুডগুলো পাওয়া যাবে মূলত রাতের খাবারের মেন্যুতে। সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা। মেক্সিকো, ইতালি, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান, থাইল্যান্ডের স্ট্রিট ফুড মিলিয়ে মোট ৬০ পদের খাবারের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। সঙ্গে ভাত, পোলাওয়ের মতো প্রাত্যহিক খাবারও থাকছে।

ফোর পয়েন্টসের খাদ্য উৎসবে এই খাবারের জন্য একটু বেশি টাকা গুনতে হবে। বুফেতে স্ট্রিট ফুডগুলোর স্বাদ নিতে জনপ্রতি ভ্যাট, সার্ভিস চার্জসহ লাগবে ৩ হাজার ৫৪২ টাকা।

রায়া আজমি এবং ইমরান আহমেদ চৌধুরী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করছেন। তাঁরা স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে দ্বিতীয়বার এসেছেন। রায়া আজমি বলেন, ‘নতুন নতুন খাবারের স্বাদ নিতে পছন্দ করি। প্রথমবার যখন এসেছি এখানে নতুন খাবারের অফার ছিল। সময় বাড়ানোর কারণে দ্বিতীয়বার এসেছি। আর রেস্তোরাঁর সেবা ও পরিবেশ ভালো।’

ফেসবুকে বন্ধুর ছবি শেয়ার করা দেখে মা রুকসানা রহমানকে নিয়ে খেতে এসেছেন লাবিবা বিনতে শফিক। তাঁরই আগ্রহ বেশি! লাবিবা বলেন, ‘সু শি টা ভালো লেগেছে। ধীরে ধীরে আরও কিছু খাবারের স্বাদ নেব।’ লাবিবা মেক্সিকান আর ইতালিয়ান খাবারের স্বাদও নিতে চান।

ফোর পয়েন্টস বাই শেরাটনের বিপণন কর্মকর্তা সৈয়দ মেহরান হুসাইন বলেন, ‘বিভিন্ন দেশের স্ট্রিট ফুড নিয়ে এ ধরনের আয়োজন ঢাকায় আগে হয়নি। এ উদ্যোগ ভালো সাড়া ফেলেছে।’

আগতদের কেউ পিৎজা বা পাস্তা খেতে চাইলে রেস্তোরাঁর এক কোণে লাইভ পাস্তা অর্থাৎ তাৎক্ষণিকভাবে তৈরি করে দেওয়া হচ্ছে। এখানে বুরিটোস ট্যাকোস বার, রিসোটো, সিচুয়ান ল্যাম্ব, গ্রিল্ড স্ন্যাপার, স্যামন, চিকেন তেরিয়াকি, চিকেন গিওজাসহ নানা খাবারের ব্যবস্থা আছে।