তারকাঁটার বেড়ায় সাহিত্য সংস্কৃতি ভাগ হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল সিটি কলেজ মিলনায়তনে গতকাল ‘দুই বাংলার শিক্ষা, সংস্কৃতি ও সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য l ছবি: প্রথম আলো
সিলেটের শাহজালাল সিটি কলেজ মিলনায়তনে গতকাল ‘দুই বাংলার শিক্ষা, সংস্কৃতি ও সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তৃতা করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য l ছবি: প্রথম আলো

আলোচনার বিষয়—‘দুই বাংলার শিক্ষা, সংস্কৃতি ও সম্পর্ক উন্নয়ন’। কাটখোট্টা বিষয় মনে হতে পারে অনেকের কাছে। তবে মিলনায়তনের দিকে তাকিয়ে তা বোঝার উপায় ছিল না।
বিশিষ্টজনদের আলোচনা শুনতে আগ্রহী শিক্ষার্থীরা অনুষ্ঠান শুরুর আগেই ৩০০ আসনের মিলনায়তন কানায় কানায় পূর্ণ করে তুলেছিলেন। মঞ্চে থাকা দুই বাংলার বিশিষ্টজনদের কাছে সাহিত্য-সংস্কৃতিসহ দুই দেশের আর্থসামাজিক অবস্থা, বাণিজ্য ও রাজনীতি নিয়েও নানা জিজ্ঞাসা ছিল তাঁদের। অতিথিরাও শিক্ষার্থীদের বিমুখ করেননি।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তপোধীর ভট্টাচার্য। তাঁর কাছে সৈয়দা নাঈমা আক্তার নামের একাদশ শ্রেণির এক ছাত্রীর প্রশ্ন ছিল, আমরা ভারতীয় টিভি চ্যানেল দেখি কিন্তু ভারতে কেন বাংলা টিভি চ্যানেল দেখা যায় না? কেন একই ভাষাভাষী হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গে বাংলাদেশের লেখকদের বই পাওয়া যাবে না?
উত্তরে তপোধীর ভট্টাচার্য বলেন, পশ্চিম বাংলাসহ ভারতের করপোরেট কোম্পানিগুলোর (বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান) কাছে বাংলাদেশ বড় বাজার। সে কারণে বাণিজ্যিক আধিপত্য ধরে রাখতে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেল ও বইয়ের ব্যাপক বাজারজাত হচ্ছে। অথচ বাংলাদেশের কোনো চ্যানেল সেখানে প্রবেশাধিকার পাচ্ছে না। এটা সূক্ষ্ম রাজনীতিরই একটা অংশ।
মারজানা মান্না নামের দ্বাদশ শ্রেণির আরেক ছাত্রীর প্রশ্ন ছিল, ভারতের বিভিন্ন হিন্দি ও বাংলা চ্যানেলে প্রচারিত নাটক ও সিরিয়ালে কেন এত পারিবারিক কলহ, পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ দেখানো হয়?
জবাবে আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, টিভি নাটকে যা দেখানো হয়, এর পেছনে রয়েছে করপোরেট রাজনীতি। এসব বাঙালির পারিবারিক সংস্কৃতি নয়। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হয়। বাঙালির পারিবারিক সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্ববোধের, সৌহার্দ্যের।
গতকাল শনিবার দুপুরে সিলেটের উপশহর এলাকার শাহজালাল সিটি কলেজে এমনই এক প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন।
বক্তৃতা দেন ভারতের আসামের শিলচরের দ্বিরালাপ পত্রিকার প্রধান সম্পাদক ড. স্বপ্না ভট্টাচার্য, সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম গোলাম কিবরিয়া তাপাদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী, শিলচর ছোট জালেঙ্গা স্কুলের প্রধান শিক্ষক ঋমর্ঘ্য ভট্টাচার্য ও সিলেটের বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমিনারের আয়োজক শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা এনামুল হক সর্দার।
প্রধান অতিথির বক্তৃতায় তপোধীর ভট্টাচার্য বলেন, এখন অধিকাংশই আগে মুসলমান, তারপর বাঙালি। একইভাবে অধিকাংশই এখন আগে হিন্দু, এরপর বাঙালি। অথচ এর উল্টোটা হওয়া উচিত। তিনি বলেন, তারকাঁটার বেড়া দিয়ে বাংলা ভাগ করা ঠিকই হয়েছে, কিন্তু এভাবে কখনোই সাহিত্য-সংস্কৃতিকে ভাগ করা যায় না।
আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, বাংলাদেশ ও পশ্চিম বাংলা বাদ দিয়ে আসামসহ বিভিন্ন এলাকায় আরও প্রায় এক কোটি বাঙালি বসবাস করেন। এই বাঙালিদের কোনো মানচিত্র নেই। মানচিত্র না থাকলে মানুষের অস্তিত্বও একসময় হারিয়ে যায়। এই নির্বাসিত মানুষদের প্রতি ভালোবাসা ও দায়বোধকে বাদ দিয়ে বাঙালি সংস্কৃতি কখনোই পরিপূর্ণতা পাবে না। তিনি বলেন, বাংলার সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্য এক। কেবল দুই দেশের মানুষের পারস্পরিক জানাশোনায় সম্পর্ক এগিয়ে যেতে পারে। সরকার তাদের নীতি নিজেদের মতো করে ঠিক করুক, সাধারণ মানুষের উচিত একে অপরের সঙ্গে একাত্মÄ হওয়া।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আরেক প্রশ্নের জবাবে তপোধীর ভট্টাচার্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল আগ্রাসন বিশ্বের অপরাপর দেশের মতো বাঙালির নিজস্ব সাহিত্য-সংস্কৃতিকেও ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, আজকাল ওই মার্কিনরাই ঠিক করে দেয়, কোন দেশের মানুষ কতটুকু বাঁচবে, কোন দেশের গণতন্ত্র কীভাবে চলবে। হিন্দি আধিপত্য, ইংরেজি আধিপত্য ঠেলে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে কেবল তরুণ প্রজন্মই।
শিক্ষাবিদ মো. সালেহ উদ্দিন বলেন, দুই বাংলায় বিভক্তি সুকৌশলে করা হচ্ছে। এখানে রাজনীতির নানা মারপ্যাঁচ রয়েছে। তবে সাহিত্য-সংস্কৃতির বিনিময়ের মাধ্যমেই দুই বাংলার মানুষ কাছাকাছি আসতে পারে।