
বিয়ে নিয়ে ধুন্ধুমার উৎসবে গেল দুটি দিন। গত শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাদ্যবাজনায় শুরু যে উৎসবের, তার সমাপন হলো গতকাল শনিবার সন্ধ্যায় তারকাশোভিত ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেখানে হাজির হয়েছিলেন চলচ্চিত্র-নাটক-সংগীত-ফ্যাশন জগতের অনেক তারকা।
সানসিল্ক-নকশা বিয়ে উৎসবের শেষ দিন ছিল গতকাল। সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি মিলনায়তনে বসেছিল তারকাদের মিলনমেলা। ইউনিলিভারের ব্র্যান্ড সানসিল্ক এবং প্রথম আলোর ক্রোড়পত্র নকশার আয়োজনে দুই দিনের বিয়ে উৎসবের সমাপনীতে কেউ নেচেছেন, কেউ হেঁটেছেন র্যা ম্পে আবার কেউবা শুধুই উপভোগ করেছেন।
অনুষ্ঠানের শুরুটা ছিল মনোমুগ্ধকর লেজার প্রদর্শনীর মধ্য দিয়ে। এরপর শাহ আবদুল করিমের ‘তোমরা কুঞ্জ সাজাও গো...’ গানের সঙ্গে তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করে তাঁর দল নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র। তারপরই ব্যান্ড-বাদ্য সহযোগে বর-কনের সাজে মঞ্চে আসেন অনুষ্ঠান-সঞ্চালক অভিনয়শিল্পী নাবিলা ও আফনান নিশো।
‘বিয়ের বাজার দেশেই’—এটাই বিয়ে উৎসবের মূল প্রতিপাদ্য। তাই ফ্যাশন শোর পুরোটাজুড়েই ছিল দেশি সাজ-পোশাকের ঝলমলে উপস্থাপন। গায়েহলুদ, বরের পোশাক, জামদানি, বেনারসি পরে র্যা ম্পে হাঁটেন মডেলরা। ফ্যাশন শোর বিভিন্ন কিউতে অংশ নেন নিপুণ, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও সুমন পাটওয়ারী।
অনুষ্ঠানের সব থেকে আকর্ষণীয় অংশটি ছিল তারকা জুটিদের অংশগ্রহণ। রোমান্টিক গানের সঙ্গে বর-বউয়ের পোশাকে মঞ্চে আসেন মৌসুমী-ওমর সানী এবং পিয়া-ফারুক দম্পতি। সবশেষে আসেন শিল্পী লায়লা হাসান-সৈয়দ হাসান ইমাম। যাঁদের দাম্পত্য জীবন পেরিয়েছে অর্ধশতকের বেশি সময়।
ফ্যাশন শোর একটি কিউ ছিল রূপবিশেষজ্ঞদের। কানিজ আলমাস খান, ফারজানা শাকিল ও ফারজানা মুন্নী তাঁদের সিগনেচার সাজে এনেছিলেন তানজিন তিশা, জোহরা ইতিশা ও নাজিফা তুশিকে।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন মঞ্চে ডেকে নেন কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও কোনালকে। তাঁরা দুটি গানও গেয়ে শোনান। আসেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, হবু দম্পতি পূজা ও অন্তু।
ইউনিলিভারের ব্যবস্থাপনা পরিচালক কামরান বকর বলেন, ‘৩০ বছরের বেশি সময় ধরে আমাদের নারীরা চুলের যত্নে সঙ্গী করেছে সানসিল্ককে।’ প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, প্রথম আলোর ক্রোড়পত্র নকশায় প্রতিবছরই বিয়ে নিয়ে থাকে বিশেষ আয়োজন। পাশাপাশি বর্ণিল বিয়ে ম্যাগাজিনও প্রকাশ করা হয়। বিয়ের সব অনুষঙ্গ মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে এই উৎসবের আয়োজন।
অনুষ্ঠানের ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেছেন বুলবুল টুম্পা। মডেলদের সাজে ছিলেন কানিজ আলমাস খান ও পারসোনা। পোশাক ছিল আড়ং, টাঙ্গাইল শাড়ি কুটির, বেনারসি কুঠি, অঞ্জন’স, লুবনান-রিচম্যান, যাত্রা, ওটু, স্টাইলসেল, রঙ বাংলাদেশ, রামিম রাজের। গয়না ডায়মন্ড ওয়ার্ল্ড ও কনকের। সেট ও মঞ্চসজ্জায় ছিল স্টুডিও অ্যাশ ও সামির হিমেল, লেজার শোতে ফার্মহাউস, সাউন্ড ডিজে প্রো, ব্যান্ড পার্টিতে সনাতন নন্দন, সানাইয়ে মুর্তজা কবির মুরাদ।