তারপরও লাভজনক জালালাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাফার্জ সিমেন্ট কারখানার সঙ্গে ২০০৩ সালে ২০ বছর মেয়াদি গ্যাস বেচাকেনার একটি চুক্তি সই করেছিল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সেই চুক্তি অনুযায়ী লাফার্জের নিজস্ব বিদ্যুৎ (ক্যাপটিভ পাওয়ার) উৎপাদনের জন্য সরবরাহ করা প্রতি ইউনিট গ্যাসের সর্বোচ্চ দাম হওয়ার কথা ৭ টাকা ৯১ পয়সা।
কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ক্যাপটিভ বিদ্যুতের জন্য প্রতি ইউনিট গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে ৮ টাকা ৩৬ পয়সা। অর্থাৎ লাফার্জ ও জালালাবাদ কোম্পানির মধ্যকার চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ দামের চেয়ে প্রতি ইউনিটে ৪৫ পয়সা বেশি। কিন্তু লাফার্জ এই বেশি দাম দিতে রাজি নয়। তারা চুক্তি অনুযায়ী ৭ টাকা ৯১ পয়সা করেই প্রতি ইউনিট গ্যাসের দাম দিচ্ছে জালালাবাদকে। ফলে লাফার্জের কাছ থেকে জালালাবাদ কোম্পানি প্রতি মাসে ২০ লাখ টাকা বিল কম পাচ্ছে।
অথচ ওই ২০ লাখ টাকা (বছরে ২ কোটি ৪০ লাখ টাকা) জালালাবাদের আয়ের হিসাবে যুক্ত হচ্ছে। সেই অনুযায়ী কোম্পানিটির কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর কেটে নিচ্ছে। এরপরও জালালাবাদ একটি লাভজনক কোম্পানি। তাই কোম্পানিটি গ্যাসের দাম ও তাদের সরবরাহ চার্জ বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তা যথার্থ নয়। তাদের গ্যামের দাম বাড়ানোর কোনো দরকার নেই।
গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়েছে। শুনানিতে জালালাবাদের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৬ সালে কার্যক্রম শুরু করা কোম্পানিটির পুঞ্জীভূত মুনাফার পরিমাণ এখন ৫৬৩ কোটি টাকা। এ ছাড়া ২২০ কোটি টাকা রয়েছে অবচয় তহবিল হিসাবে। এই টাকা এফডিআর করে তা থেকে পাওয়া সুদ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা ভাগ করে নেন।
শুনানিতে উপস্থাপিত তথ্য অনুযায়ী অন্যান্য বিতরণ কোম্পানির মতো জালালাবাদ গ্যাসের ‘সিস্টেম গেন’ নেই। বরং প্রায় ২ শতাংশ পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) আছে তাদের। অর্থাৎ জালালাবাদের বিতরণ এলাকা বৃহত্তর সিলেটের চার জেলায় গ্যাসের চাপ স্বাভাবিক থাকে। ফলে গ্রাহকেরা প্রতারিত হন না। কোম্পানিটি দৈনিক ২৫-২৬ কোটি ঘনফুট গ্যাস বিক্রি করে। তাদের গ্রাহকের মধ্যে রয়েছে ১৪টি বিদ্যুৎকেন্দ্র, একটি সার কারখানা, ১১০টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ১০২টি শিল্প, ১ হাজার ৬৯২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ৯৫টি চা-বাগান, ৫৭টি সিএনজি স্টেশন ও ২ লাখ ২১ হাজার ৭১২টি আবাসিক সংযোগ।