তারপিন ভেবে কীটনাশক মেখে ৯ শ্রমিক অসুস্থ
ধানের জমিতে জোঁক ও দূষিত পানি থেকে রক্ষা পেতে তারপিন ভেবে হাতে-পায়ে কীটনাশক মেখে ধান কাটতে শুরু করেন নয়জন শ্রমিক। পরে সন্ধ্যার দিকে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তাঁরা। গত মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জয়পুরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, হাতে-পায়ে কীটনাশক মাখায় বিষক্রিয়ায় শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হলে জরুরি ভিত্তিতে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে গতকাল বুধবার দুপুরে তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
জমির মালিক জহুরুল ইসলাম মুঠোফোনে জানান, ভুলক্রমে তাঁর ছোট ভাই তারপিন তেলের বদলে বাড়িতে রাখা কীটনাশক ওষুধ দিলে ওই ঘটনা ঘটে। তিনি অসুস্থ শ্রমিকদের যাবতীয় চিকিৎসার ব্যয় বহন করেছেন। ওই শ্রমিকেরা গতকালই নীলফামারীতে নিজ নিজ বাড়িতে চলে গেছেন বলে শ্রমিক জাকির মুঠোফোনে জানান।