তারল্যের ওপর চাপ কমানোর উদ্যোগ
ব্যাংকিং খাতের তারল্যের ওপর চাপ কমাতে কিছু পদক্ষেপ নেবে বাংলাদেশ ব্যাংক।গতকাল সোমবার বেসরকারি ব্যাংকগুলোর মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা জানিয়েছেন। জানা গেছে, প্রাইমারি ডিলার ব্যাংকগুলো বিধিবদ্ধ জমার হার (এসএলআর) সংরক্ষণের বাইরে ট্রেজারি বিল ও বন্ড কেনায় তাদের তারল্যের ওপর যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে কিছু শিথিলতা আনা হবে। বৈঠকে জানানো হয়, ব্যাংকগুলোর জন্য নির্ধারিত ঋণ-আমানত অনুপাতের হিসাব পদ্ধতিতেও কিছু ছাড় দেওয়া হবে। এতে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার ক্ষমতা আরও বাড়বে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, ব্যাংক-মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান মাহমুদ সাত্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংক ঋণ-আমানত অনুপাত নির্ধারণে কিছু পরিবর্তন আনবে। এটি হলে সব ব্যাংকেরই ঋণ দেওয়ার ক্ষমতা বাড়বে।কে মাহমুদ সাত্তার বলেন, গত শনিবার ব্যাংকের মালিক ও প্রধান নির্বাহীদের বৈঠকে আমানত সংগ্রহে সর্বোচ্চ ১২ শতাংশ সুদহার নির্ধারণ এবং নিত্যপণ্যের আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে ১২ শতাংশের বেশি সুদ না নেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে। এ সিদ্ধান্তে আমানত সংগ্রহের অসুস্থ প্রতিযোগিতা কমবে। কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।