‘কোনো ধরনের উসকানি থেকে নয়, ক্ষোভ থেকে নয়, তারা আমাকে মেরেছে শুধু নারী বলে।’ কথাগুলো বলেছেন একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন।গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ভিভিআইপি কেবিনে বসে কথা হয় নাদিয়ার সঙ্গে। হেফাজতে ইসলামের সমাবেশের কাছে দায়িত্ব পালন (অ্যাসাইনমেন্ট) করার সময় ৬ এপ্রিল ‘পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন’—এই প্রশ্ন তুলে বেধড়ক মারধর করা হয় তাঁকে।প্রথম আলোর পক্ষ থেকে নাদিয়ার সঙ্গে কথা হয় গতকাল সোমবার বিকেলে। নাদিয়া তখন পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া ভালোভাবে হাঁটতে পারছিলেন না। তবে এ ঘটনার পর এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেনি। পরিবারের পক্ষ থেকেও মামলা করা হয়নি।গতকাল বিকেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির নাদিয়াকে দেখতে হাসপাতালে যান। সকালে দেখতে যান ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।২০১০ সালে নাদিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএসএস পাস করেন। এই বিভাগের শিক্ষক ও অন্যরা নিয়মিত তাঁর খোঁজ নিচ্ছেন। নাদিয়ার চিকিৎসায় যে টাকা খরচ হবে, তা একুশে টেলিভিশনের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।একুশে টেলিভিশনের অপরাধ (ক্রাইম) বিটে কাজ করা নাদিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাদের সংবাদ সংগ্রহের জন্য গেলাম, তারাই আমাকে মেরেছে। পাঁচ থেকে সাত গজ দূরত্বে পুলিশ ছিল, তারা কেউ এগিয়ে আসেনি। দিগন্ত টেলিভিশনের সাংবাদিক বন্ধুরা রক্ষা না করলে সেই হায়েনারা আমাকে মেরেই ফেলত।’দৈনিক বাংলার সাংবাদিক হাসিনা আশরাফ ছিলেন নাদিয়ার ছোট নানি (নানির ছোট বোন)। সেই নানির কাছ থেকে গল্প শুনে শুনে সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন নাদিয়া। হেফাজতে ইসলামের কর্মীরা তাঁর সঙ্গে যে আচরণ করেছেন, সে প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘নারীর অবস্থান যত দিন গ্রহণযোগ্য পর্যায়ে না পৌঁছাবে, তত দিন এ ধরনের পরিস্থিতি হবেই। তাই সাংবাদিকতার পথে নারীদের সংগ্রাম করতে হবে আরও অনেক দিন।’নাদিয়ার হাঁটু, কাঁধ ও পাঁজরের এক্স-রে হয়েছে। মাথার সিটি স্ক্যান রিপোর্ট পাওয়া গেছে। আঘাতে মাথার বাইরের বিভিন্ন জায়গা থেঁতলে গেলেও ভেতরে তেমন কোনো বড় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।প্রতিবাদ: বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম সাদেক ও মহাসচিব সাইফুল ইসলাম গতকাল এক বিজ্ঞপ্তিতে নাদিয়াসহ অন্য সাংবাদিকদের ওপর হেফাজতে ইসলামের কর্মীরা যে হামলা চালিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছেন। নাগরিক সংহতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে এক সমাবেশে এ ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে।