
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে টাকা দিতে চেয়েছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ পেয়ে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যাদের দুদক জিজ্ঞাসাবাদ করেছে, তারা আমার আত্মীয় হতে পারে না।’
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তাসংলগ্ন বালুর মাঠে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। শুরুতে তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনে দুটি জনসভায় ভাষণ দেন। পরে সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জিটি স্কুল মাঠে জনসভায় ভাষণ দেন। তিনি দুপুর ১২টায় সড়কপথে ঢাকা থেকে ভাঙ্গার জনসভাস্থলে আসেন।
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহ। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। সংসদের হুইপ নূর-এ আলম চৌধুরী তাঁর ভাই। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফুতো ভাইয়ের ছেলে। পদ্মা সেতু কেলেঙ্কারির ঘটনায় নিক্সন চৌধুরীকে দুদক জিজ্ঞাসাবাদ করেছিল।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় নিক্সনের নাম উল্লেখ না করে বলেন, ‘পদ্মা সেতুর ঘটনায় দুদক যাদের জিজ্ঞাসাবাদ করেছে, তারা আমার আত্মীয় হতে পারে না।’ তিনি বলেন, ‘পঁচাত্তরে খুনিদের হাত থেকে বেঁচে যাওয়া আমি ও আমার বোন রেহানা, আমাদের সন্তান, নাতি-নাতনি ও জামাই ছাড়া আমার আর কোনো আত্মীয় নেই। এর বাইরে কেউ যদি আত্মীয় হিসেবে পরিচয় দেয়, আমি তা বরদাশত করব না।’ প্রধানমন্ত্রীর প্রশ্ন, ‘তারা এত টাকা কোথা থেকে পেল?’
শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এ কাজে এ পর্যন্ত দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে। এ টাকা খরচ নিয়ে কোনো দুর্নীতি হয়নি। ৫ জানুয়ারির নির্বাচনে বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। কারও শক্তি নাই, এই নির্বাচন বানচাল করে। তিনি আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সবাই সাহস করে ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন।
আওয়ামী লীগের সভানেত্রী বলেন, আবার সরকার গঠন করতে পারলে প্রত্যেক উপজেলা ও জেলায় একটি করে কেন্দ্রীয় মসজিদ তৈরি করা হবে। হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধদের জন্য কল্যাণ ট্রাস্ট ফান্ড করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট ফান্ড গঠন করে সেখানেও টাকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সারা বাংলাদেশের মানুষ চায়, শুধু চান না বেগম খালেদা জিয়া। তাই তিনি হরতাল-অবরোধের নামে মানুষ খুন, মানুষ পুড়িয়ে মারার মতো কাজ করে চলেছেন। গরু-ছাগল কিছুই রেহাই পাচ্ছে না।
টুঙ্গিপাড়ায় বক্তব্য শেষে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মোনাজাত করেন। আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকার অপর উপজেলা কোটালীপাড়ায় জনসভায় ভাষণ দেবেন তিনি।
টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. হালিম শেখের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ, মির্জা আযম, জাহাঙ্গীর কবির নানক, শেখ কবীর হোসেন, শেখ হেলাল উদ্দিন প্রমুখ।
ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইনের সভাপতিত্বে বক্তব্য দেন কাজী জাফরউল্লাহ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ।