তারা ইসলামের শত্রু: এইচ টি ইমাম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। তলোয়ারের আঘাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলামের নামে যারা সহিংসতা ছড়ায়, তারা ইসলামের শত্রু, তারা ইসলামকে ধ্বংস করতে চায়।
আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট আয়োজিত এক আলোচনা সভায় এইচ টি ইমাম এসব কথা বলেন। ‘স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশে ধর্মীয় অঙ্গনের অবস্থান’—শীর্ষক ওই আলোচনা সভায় এইচ টি ইমাম প্রধান অতিথি ছিলেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে এইচ টি ইমাম বলেন, বেলজিয়ামের ঘটনায় ইসলামের সম্মান ক্ষুণ্ন হয়েছে। এখন পুরো ইউরোপে মুসলমানেরা বিপদের মুখে, হুমকির মুখে।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ শামসুল হক টুকু বলেন, ইসলামকে নিরাপদ করতে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের প্রয়োজন আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী। বক্তব্য দেন মাওলানা আবু সুফিয়ান জাকী, এম এ খালেক, মাওলানা মো. নুরুল ইসলাম প্রমুখ।