সিলেটের সবজিবিক্রেতা শিশু সামিউল আলম রাজন হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য সামাজিক আন্দোলন, আইন সম্পর্কে সচেতনতার বিষয়টি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত।
মামলার রায়ের পর্যবেক্ষণে এমন মত দিয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।
পর্যবেক্ষণে আরও বলা হয়, এই মামলা জনগণের কাছে শিক্ষণীয়। এ ধরনের অপরাধ করলে অপরাধীদের বা দোষীদের ফাঁসিতে ঝোলাসহ যেকোনো শাস্তির মুখোমুখি হতে হবে।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনের ঘটনার মতো যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে সমাজকে নিরাপদ রাখতে রাষ্ট্রসহ সবাইকে সতর্ক থাকতে হবে। যথাযথ শিক্ষার অভাবে দেশের অধিকাংশ মানুষের আইন সম্পর্কে প্রাথমিক জ্ঞানের অভাব রয়েছে। জনগণকে আইন ও আইনের প্রয়োগ সম্পর্কে সচেতন করতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রচারমাধ্যম, সাংবাদিক, ধর্মীয় নেতা ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে। সমাজে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সামাজিক আন্দোলন এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। আইন সম্পর্কে সচেতনতার জন্য বিষয়টি প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত।
পর্যবেক্ষণে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বলেন, পুলিশ ছাড়া সাধারণ ব্যক্তি যদি কোনো অভিযোগে কাউকে ধরে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। থানায় পাঠাতে হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত বা ধারণা সঠিক নাও হতে পারে। এই মামলায় আসামিপক্ষ দাবি করেছে, রাজন ভ্যান চুরি করেছে বলে বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু তা কোনো পক্ষের সাক্ষ্যে প্রমাণিত হয়নি। প্রত্যাশার বাইরে যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, তখন তা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। সচেতনতা ও আইনের প্রাথমিক প্রয়োগের মধ্যে দিয়ে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তা না হলে সমাজে নেতিবাচক বার্তা যাবে। নিষ্পাপ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের দেওয়া রায়ের সঙ্গে একমত পোষণ করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এই পর্যবেক্ষণ দেন। মূল রায়ের সঙ্গে এটি যুক্ত হবে বলে জানান আদালত।
আদালত পর্যবেক্ষণে আরও বলেন, রাজনকে নির্যাতনের পর পানি না দেওয়ার ঘটনাটি অমানবিক। আদালত বলেছেন, এই মামলায় উদ্দেশ্য খোঁজার (ইনটেনশন) প্রয়োজন নেই। ঘটনার প্রেক্ষাপটে তাৎক্ষণিক উদ্দেশ্য তৈরি হতে পারে।
আদালত বলেন, নির্যাতনের পর শিশুটি পানি চেয়েছিল, তা না দেওয়া অমানবিক। ঘটনাটি নিষ্ঠুর ও নৃশংস। ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়, নির্যাতনের কারণেই ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
আদালত পর্যবেক্ষণে আরও বলেন, ঘটনাস্থলে যারা ছিল, তারা সেখানে দলগতভাবে পশুর মতো আচরণ করেছে। হারিয়েছিল মানবিকতা। তাদের আচরণ ছিল অমানবিক। আসামিপক্ষ ভিডিও ফুটেজ সাক্ষ্য হিসেবে গ্রহণ না করার যে কথা বলেছে, এর পেছনে আদালত কোনো যুক্তি খুঁজে পায়নি। এই মামলায় ভিডিও ফুটেজটি অবশ্যম্ভাবীভাবে গুরুত্বপূর্ণ সাক্ষ্য।
আজ মঙ্গলবার রাজন হত্যার দায়ে চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি তিন আসামির সাত বছর করে কারাদণ্ড ও দুই আসামির এক বছর করে সাজার রায় বহাল রেখেছেন আদালত। তবে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ২০১৫ সালের ৮ জুলাই শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। তদন্ত শেষ করে ওই বছরের ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ কার্যদিবস বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের ৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন।