তারা এখন চীনের হ্রদে!
পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার নিয়ে মৌলভীবাজারের হাকালুকি হাওর থেকে পাখিরা উড়ে গেছে চীনে। ওই দেশে হিমালয়ের কাছে চিংদু হ্রদে এক মাস ধরে তারা অবস্থান করছে। সেখানে পাখিরা ডিমও দিয়েছে।গত মার্চে হাকালুকি হাওরে এক গবেষণাকালে পাখির গতিবিধি পর্যবেক্ষণ করতে ১৬টি পরিযায়ী পাখির পিঠে ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়। ওই গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তারা পাখিগুলোর অবস্থান সম্পর্কিত এই তথ্য জানিয়েছেন।পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ জানান, ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ এবং বাংলাদেশ বার্ড ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় ২ থেকে ১১ মার্চ হাকালুকি হাওরের কয়েকটি জলাশয়ে পরিযায়ী পাখি নিয়ে গবেষণা চলে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। বশির আহমেদ জানান, গতিবিধি পর্যবেক্ষণের নয়টি চকাচকি, চারটি খুনতে হাঁস ও তিনটি গিরি হাঁসের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করে ছেড়ে দেওয়া হয়। এর আগে বার্ড ফ্লুর জীবাণু সম্পর্কে নিশ্চিত হতে ৩৪টি পাখির মুখের লালা, রক্ত ও মল পরীক্ষা করা হয়। অবশ্য ওই জীবাণুর ভাইরাস তাদের মধ্যে পাওয়া যায়নি।নির্ধারিত ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বশির আহমেদ গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সর্বশেষ ১ জুন ট্রান্সমিটার বহনকারী ১০টি পাখিকে হিমালয়ের পাশে চিংদু হ্রদের কাছে দেখা গেছে। এক মাস যাবর্যা তারা সেখানে আছে। তবে বাকি ছয়টির অবস্থান চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, এদের শরীর থেকে ট্রান্সমিটার খুলে পড়েছে।’ তিনি জানান, ওয়েবসাইটে সবুজ ও হলুদ ক্রস এবং গোলাকার চিহ্নগুলো পাখিদের অবস্থান নির্ণয় করে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে http://www.werc.usgs.gov/Project.aspx? ProjectID=159গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘চিংদু হ্রদ অনেক বড়। সেখানকার তাপমাত্রা বর্তমানে ৫-৬ ডিগ্রি সেলসিয়াস। পাখিগুলো এর কাছে আবাসস্থলে প্রজননের জন্য ডিম দিয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে। আশা করা যাচ্ছে, কিছু দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা হবে।’