তারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমিন শেখ , সৌরভ চৌহান , রুবেল দাস , আফরোজা আক্তার
জেমিন শেখ , সৌরভ চৌহান , রুবেল দাস , আফরোজা আক্তার

বৈরী পরিবেশ দমিয়ে রাখতে পারেনি৷ সব প্রতিকূলতা মোকাবিলা করে উতরে গেছে৷ তাই তারা অদম্য৷ পড়াশোনায় নিরন্তর অধ্যবসায় এনে দিয়েছে সাফল্য৷ এবার এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫৷ আমরা শুনব এমনই কয়েকজন অদম্য মেধাবীর গল্প।
তারাগঞ্জের জেমিন শেখ
‘মোর বেটির (মেয়ে) খুব কষ্ট। ঠিক মতোন খাবার দিবার পাওনা, তাও খালি বই পড়ে। বেটিটা খুব ভালো এজাল (রেজাল্ট) কচ্ছে। কিন্তু মোর তো হইল জঞ্জাল। সুদের ওপর দুই হাজার টাকা নিয়া ফরম ফিলাপ করাছুং। এ্যালাও ওই টাকা মুই শোধ দিবার পাও নাই। কলেজোত ক্যামনে ভর্তি করাইম?’
কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের আঞ্জুয়ারা বেগম। তিনি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তাঁর মেয়ে জেমিন শেখ এবার তারাগঞ্জ উপজেলার হাতীবান্ধা উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। জেমিন অষ্টম শ্রেণিতেও জিপিএ-৫ পেয়েছিল। জেমিনের বাবা আবদুল লতিফের জমাজমি নেই, দিনমজুরি করেন। কাজ পেলে খাবার জোটে, নইলে উপোস থাকতে হয়। জেমিনের মা গ্রামের এবাড়ি-ওবাড়িতে কাজ করেন। জেমিন বলে, ‘আমার ইচ্ছা ডাক্তার হওয়ার। কিন্তু লেখাপড়ার খরচ জোগানোর সাধ্য বাবা-মার নেই।’
গাইবান্ধার সৌরভ চৌহান
বাবা ফুটপাতে পেঁয়াজি-চপ বিক্রি করেন। মা বাড়িতে বানান কাগজের ঠোঙা। বিদ্যালয়ে যাওয়ার আগে ঠোঙা তৈরি করত সৌরভ চৌহান। বিদ্যালয় থেকে ফিরে তৈরি করত পেঁয়াজি ও আলুর চপ। কত দিন উপোস থাকতে হয়েছে। কিন্তু নিরলসভাবে পড়াশোনা করে গেছে। গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে সে। নিজেদের বসতভিটা ও সহায়-সম্পদ বলতে কিছুই নেই। গাইবান্ধা শহরের শহীদ আনোয়ার হোসেন সড়কে একটি মন্দিরের জায়গায় প্রায় ২০ বছর ধরে এই পরিবারের বসবাস। দুই ভাইয়ের মধ্যে সৌরভ ছোট। বড় ভাই চন্দ্র শেখর চৌহান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি (ডিভিএম) বিভাগের শেষ বর্ষের ছাত্র।
সৌরভ বলে, ‘স্বপ্ন দেখি, একদিন প্রকৌশলী হব। কিন্তু আমার এই স্বপ্ন কি পূরণ হবে?’
সৌরভের মা মিনা চৌহান বলেন, ‘ছোলট্যা পাস করি হামারঘরোক চিনতাত ফেলাচে। বড়ো ছেলট্যাক কসটো করি পড়ব্যার নাগচি। ছোট ব্যাটাক বড় কেলাসোত পরামো ট্যাকা পামো কোনটে!’
বাঞ্ছারামপুরের রুবেল দাস
বাড়িতে টং দোকান চালানোর পাশাপাশি পড়ালেখা করে রুবেল দাস। সে এবার এসএসসিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। ২০১১ সালে রূপসদী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছিল। অষ্টম শ্রেণিতে রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয় থেকে জেএসসিতে জিপিএ-৫ ও সাধারণ গ্রেডে বৃত্তি পায়। মেধাবী রুবেলের বাড়ি রূপসদী গ্রামের মধ্য পাড়ায়। মৃত হারাধন দাসের তিন ছেলের মধ্যে সবার ছোট সে। মায়ের সঙ্গে ওই টং দোকান চালায় সে। রুবেল বলে, দোকানের সামান্য আয়। খেয়ে না-খেয়ে দিন কেটেছে। পড়াশোনা করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। রুবেলের মা জোসনা দাস বলেন, ‘আমি ঋণ কইরা অইলেও পোলারে পড়ালেখা করাইতে চাই।’
মাগুরার আফরোজা আক্তার
বাবা শহীদুল ইসলাম বর্গাচাষি। বসতবাড়ি ছাড়া জমিজমা বলতে কিছু নেই। এর মধ্যেও আফরোজা প্রতিদিন সাত-আট ঘণ্টা পড়াশোনা করেছে। বরাবরই ভালো ছাত্রী সে। এবার এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আর এস কে এইচ ইনস্টিটিউশনের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। বাড়ি উপজেলা সদরের গোপালপুর গ্রামে।
আফরোজা বলে, ‘সকাল সাতটায় বাড়ি থেকে দুই মাইল দূরের বিদ্যালয়ে যেতাম। বিকেল চারটায় বাড়ি ফিরে টিউশনি করতাম। গরিব ঘরে আমার জন্ম। কিন্তু আমি কখনোই স্বপ্ন থেকে পিছপা হইনি। তাই সাফল্য এসেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসিতেও টেলেন্টপুলে বৃত্তিসহ জিপিএ-৫ পেয়েছি। এইচএসসি পাসের পর বুয়েটে পড়ার ইচ্ছে আছে।’
বাবা শহীদুল ইসলাম বলেন, ‘মেয়ে তো পরীক্ষায় ভালো করেছে। এতে আনন্দ যেমন, দুশ্চিন্তাও তেমনি। ওর কলেজ ভর্তি, পড়াশোনার খরচ কী করে জোগাব, এই চিন্তায় আছি।’
{প্রতিবেদনের তথ্য দিয়েছেন মাগুরা, গাইবান্ধা, তারাগঞ্জ (রংপুর) ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি}