তারা কিভাবে পরীক্ষা দেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জেএসসি পরীক্ষার ঠিক আগে হোঁচট খেতে বসেছে দৃষ্টিপ্রতিবন্ধী নয়জন শিক্ষার্থীর স্বপ্ন। পরীক্ষার চার দিন আগেও শ্রুতলেখক খুঁজে পায়নি তারা। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া দূরের কথা, আদৌ পরীক্ষা দিতে পারবে কি না, এ নিয়ে চরম উৎকণ্ঠায় আছে তারা।
আজ রোববার থেকে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা পেছানো হয়। তবে ৫ নভেম্বর আরেকটি পরীক্ষা রয়েছে। এর আগে শ্রুতলেখক জোগাড় করা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন এসব শিক্ষার্থীর অভিভাবকেরাও।
চট্টগ্রাম সরকারি দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী স্কুল থেকে এবার নয়জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। তাদেরই একজন তানভির চৌধুরী। গতকাল শনিবার সে বলে, ‘আমরা শ্রুতলেখক খুঁজছি অনেক দিন ধরে। না পেয়ে আমাদের স্যারকে জানিয়েছিলাম। স্যার আশ্বাস দিয়েছেন।’
পরীক্ষার্থী শাকিল খান জানায়, ‘টাকা দিয়েও শ্রুতলেখক চেয়েছি। কিন্তু কেউ রাজি হয়নি। পরে স্কুলের স্যারেরা এই দায়িত্ব নিয়েছেন।’
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতলেখকের মাধ্যমে পরীক্ষা দিতে হয়। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জেএসসি এবং এসএসসিসহ সব পাবলিক পরীক্ষায় এই পদ্ধতি অনুসরণ করা হয়। নির্দিষ্ট পরীক্ষার্থীর এক শ্রেণি নিচের কোনো শিক্ষার্থীকে শ্রুতলেখক হিসেবে মনোনীত করা হয়।
দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষকেরা বলছেন, প্রতিবার পরীক্ষার সময় শ্রুতলেখক-সংকটে ভুগতে হয় দৃষ্টিপ্রতিবন্ধীদের। এবারও একই অবস্থা। শ্রুতলেখকের জন্য বিভিন্ন স্কুল এবং অভিভাবকদের কাছে ধরনা দিচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। টাকার বিনিময়েও শ্রুতলেখক পাওয়া যায় না।
এ বিষয়ে চট্টগ্রামের সরকারি দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুস সামাদ বলেন, ‘প্রতিবার পরীক্ষার সময় শ্রুতলেখকের জন্য আমরা পাগল হয়ে যাই। বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষকদের ধরেও শ্রুতলেখক জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এবারও জেএসসির জন্য অনেক খুঁজেছি। পরে স্রোত নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শ্রুতলেখক দেওয়ার আশ্বাস দিয়েছে। দেখা যাক।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রুতলেখক পাওয়া গেলেও পরীক্ষার সময় তাদের নিয়ে নানা সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায়, পরীক্ষা শুরু হলেও শ্রুতলেখক সময়মতো পৌঁছতে পারে না। এ ছাড়া অনেকে শুনে লিখতে পারে না। ফলে উত্তরপত্র পূরণে দেরি হয়।
শিক্ষকেরা বলেন, একজন শ্রুতলেখককে দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রের অভিভাবকেরা প্রতি পরীক্ষার জন্য সম্মানী দেন। কিন্তু অভিভাবকেরা দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রের শ্রুতলেখক হিসেবে নিজের সন্তানকে এই কাজ করতে দিতে চান না।
শুধু জেএসসি পরীক্ষার্থীরাই নয়, শ্রুতলেখকের দুশ্চিন্তায় রয়েছে এসএসসি পরীক্ষার্থীরাও।
২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী আল আমীন বলেন, ‘আমরাও শ্রুতলেখক খুঁজছি। শ্রুতলেখক যদি ভালো না হয়, তাহলে পরীক্ষা খারাপ হয়। এ ছাড়া যেহেতু পরীক্ষাটি তার না, তাই অনেকে বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেয় না।’
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় পাবলিক পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের ২০ মিনিট বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রুতলেখক দিয়ে উত্তর লিখতে হয় বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এই অবস্থায় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষাপদ্ধতি বদলানো উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘এটা নিয়ে ভাবার সময় এসেছে। পরীক্ষা অডিও সিস্টেম কিংবা অন্য কোনো পদ্ধতিতে নেওয়া যেতে পারে। এতে করে শ্রুতলেখকের ঝামেলা থাকবে না। পাশাপাশি পরীক্ষাটিও শতভাগ নিখুঁত হবে বলে আমি মনে করি।’
দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল পদ্ধতির বই তৈরির সঙ্গে যুক্ত উন্নয়নকর্মী মো. আহসানুল হক সরকার বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা দরকার। শ্রুতলেখক ছাড়া পরীক্ষা হলে ভালো হয়। এতে করে ঝামেলা কমবে। এ ছাড়া তাদের সিলেবাসও আলাদা হওয়া উচিত।’