
পঙ্গু হাসপাতালে পৌঁছেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের কানসাটের আওয়ামী লীগের নেত্রী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নূরজাহান বেগমকে দেখতে যান।
প্রধানমন্ত্রীকে দেখেই নূরজাহান কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি কী অপরাধ করেছি? কেন ওরা আমাকে এমনভাবে মারল?’
প্রধানমন্ত্রী পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আরও নেতা-কর্মীদের কথা উল্লেখ করে বলেন, ‘কত নৃশংস হতে পারে মানুষ! মহিলাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা সভ্য সমাজে হতে পারে না। আমি জানি না, তারা কেমন মায়ের পেটের সন্তান। যে মায়ের পেটে বড় হয়, যে মায়ের দুধ খেয়ে বড় হয়, মায়ের জাত, তাদের ওপর তারা কীভাবে এ রকম আক্রমণ করে?’
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গত কয়েক দিনে বিএনপি ও জামায়াত-শিবিরের হামলায় আহত নেতা-কর্মীদের দেখতে যান। নূরজাহান বেগম এ সময় জানান, গত ২২ জানুয়ারি বিকেলে তাঁকে বিএনপি-জামায়াতের কর্মীরা বাস থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁর দুই হাত ও পায়ের রগ কেটে দেন তাঁরা। বুকে ছোরা দিয়ে আঘাত করেন। তাঁর স্তন কেটে দেন।
প্রধানমন্ত্রী তখন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘এভাবে একজন ভদ্রমহিলাকে কেউ মারতে পারে?’
এরপর প্রধানমন্ত্রী শেরপুরের শ্রীবর্দী পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামকে দেখেন। প্রধানমন্ত্রী প্রত্যেকের কাছে ঘটনার বর্ণনা শোনেন। তিনি চিকিৎসকদের কাছে সবার চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরে শেখ হাসিনা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার নির্দেশেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। তিনি যেন তাঁর সন্ত্রাসী বাহিনীকে সামলান। ওনার সন্ত্রাসী বাহিনীকে ওনার সামলাতে হবে।