তারা দুঃখ ঘোচাবে মা-বাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এরা অতি গরিব ঘরের ছেলেমেয়ে। বাবারা পেশায় নরসুন্দর, রিকশাচালক ও দিনমজুর। তাই অভাবের কারণে এই শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। দিন কেটেছে খেয়ে না খেয়ে। তবু তারা ভালো ফল করেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায়। জিপিএ-৫ পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছে।
রিকশাচালক বাবার দিনমজুর ছেলে
রিকশাচালক বাবার রোজগারে সংসার চলে না। তাই দেলোয়ার হোসেনকে দিনমজুরি করতে হতো। কিন্তু ছোটবেলা থেকেই সে পড়াশোনায় নিবেদিতপ্রাণ। দেলোয়ার মানিকগঞ্জ সদর উপজেলার বড় কাটিগ্রাম গ্রামের আদম আলীর ছেলে। স্থানীয় কাটিগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছে সে। এ রকম ফল করেছিল প্রাথমিক সমাপনী ও জেএসসিতেও। আদম আলী বলেন, ‘না দিতে পারছি পিন্ধন, না খাওন। হেরপরও পোলাডা (দেলোয়ার) এত্তো ভালো ফল করছে। মনডা ভইর্যা্ গেছে।’
দেলোয়ার বলে, প্রবল ইচ্ছাশক্তির জোরে সে ক্লান্ত শরীর নিয়েও পড়াশোনা চালিয়ে গেছে। ভালো কোনো কলেজে ভর্তি হতে চায়। স্বপ্ন দেখে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার।
নরসুন্দরের মেয়ে প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা দাসের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে। তার বাবা পবন কুমার দাস শহরের ঢাকালেপাড়ায় একটি সেলুনে কাজ করেন। তাই কোনো কোনো সহপাঠী প্রিয়াঙ্কাকে ‘নাপিতে’র মেয়ে বলে গালি দিত। কিন্তু এবার বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে। তার এ ফলে অভিভাবক তো বটেই, সহপাঠী ও প্রতিবেশীরাও খুশি। পবন কুমারের সামান্য আয়ে পাঁচজনের সংসার চলে। এক টুকরো জমিতে টিনের ঘরে বাস।
প্রিয়াঙ্কা বলে, সে কালীগঞ্জ শহরের সলিমুননেছা বালিকা বিদ্যালয় থেকে এবার পরীক্ষায় অংশ নেয়। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছিল। স্বপ্ন দেখে একদিন প্রকৌশলী হবে।
বাবা পবন কুমার দাস বলেন, মেয়ে কত বড় স্বপ্ন দেখে। কিন্তু সামান্য আয় দিয়ে ওর পড়াশোনার খরচ তিনি জোগাতে পারবেন তো?
দিনমজুরের ছেলে উজ্জ্বল
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উজ্জ্বল হোসেনের বাবা মেজবর হোসেন দিনমজুর, মা মমতা খাতুন গৃহিণী। অন্যের সামান্য জমি বর্গা চাষ করে আর দিনমজুরি করে সংসার চালান মেজবর। দুই ছেলে ও এক মেয়ে। তারা সবাই পড়াশোনা করে। এর মধ্যে উজ্জ্বল চলতি বছর উপজেলার জেকেএ মান্নান উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল। জানতে চাইলে উজ্জ্বল বলে, ‘প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এ জন্যই এত দিন আমার পড়াশোনা চালিয়ে আসা সম্ভব হয়েছে। এইচএসসিতেও ভালো ফল করে উচ্চতর পড়াশোনা করব। দুঃখ দূর করব মা-বাবার।’
উজ্জ্বলের মা মমতা খাতুন বলেন, ‘আমার তিনটা ছেলেমেয়ে, সবাই পড়াশোনায় ভালো। কিন্তু আমরা তো গরিব মানুষ। তাই ওদের ঠিকমতো কোনো কিছুই জোগান দিতে পারি না।’
লিমানাকে বই-খাতা কিনে দিতেন শিক্ষকেরা
লিমানা খন্দকার গরিবের মেয়ে, কিন্তু পড়াশোনায় ভালো। তাই শিক্ষকেরা তাকে প্রাইভেট পড়িয়ে টাকা নিতেন না। উপরন্তু বই-খাতা কিনে দিতেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে সে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে। নীলফামারী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল সে। লিমানা নীলফামারী শহরের পূর্ব কুখাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড মহল্লার লোটন খন্দকারের মেয়ে। লিমানা বলে, ‘স্বপ্ন দেখি, ভবিষ্যতে ব্যারিস্টার হব।’
লিমানার বাবা লোটন খন্দকার বলেন, ‘দুই শতাংশ জমির ওপর টিনের একচালা ঘরই আমার সম্বল। বিভিন্ন কোম্পানির এজেন্টের মালামাল দোকানে সরবরাহ করি। এতে যা জোটে তা দিয়ে দুই মেয়েসহ চার সদস্যের সংসার চলে।’
লিমানার মা মনজুয়ারা বেগম প্রতিবেশীদের কাপড় সেলাই করে সামান্য আয় করেন। তিনি বলেন, ‘সোনার টুকরা মেয়ে আমার। ফল জানার পর সব দুঃখ-কষ্ট ভুলে যাই।’

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং নীলফামারী, মানিকগঞ্জ ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি}