তারা নির্বাচন বোঝেন না কাজ চান, খাবার চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার-নির্বাচন-তফসিল এইগুলি দিয়া আমরার কি হইব? কাম দেন, চাল কিনুম।’ এ কথা রাজধানীর মালিবাগের এসবি অফিসের কোনায় সকাল গড়িয়ে দুপুরেও কাজের অপেক্ষায় থাকা দিনমজুর মজিদ মিয়ার। প্রথম আলোর কাছে হতাশা প্রকাশ করে বলেন, ’দুই ছেইলারে কত দিন পেট ভইরা ভাত দিবার পারি নাই। হেগো মায় আর আমি একবেলা খাই। ভাড়া দিবার পারি নাই দেইখা ঘর ছাইড়া দিতে কইছে। বউ-পোলামাইয়া লইয়া কই যামু? ক্যামনে বাঁচুম।’
রাজনৈতিক দলগুলোর প্রতি তাঁর ক্ষোভ অনেক। জানালেন, গত দুই-তিন মাসের হরতাল-অবরোধের কারণে কাজ জুটছে না নিয়মিত। পরিবারের সদস্যদের তিন বেলা খাবার জুটছে না।
আরেক দিনমজুর আলী হোসেনের বিরক্তি, ‘কে আইল, কে গেল, তাতে আমাগো কী? কখনো কারও ফাঁসির জন্য হরতাল, কখনো টেলিফোনের লাইগা হরতাল, কখনো নেতাগো মুক্তির লাইগা হরতাল, আইজকা নির্বাচনের লাইগা। কিছু হইল তো—দিল হরতাল। আমাগো কাজ দিব কেডা?’
গতকাল মঙ্গলবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে এভাবেই নিজেদের হতাশা প্রকাশ করেন দিনমজুরেরা। কারও সম্বল বাঁশের টুকরি, খন্তা বা কোদাল। তাঁরা দিনমজুর, দিন চুক্তিতে কাজ করেন। হরতাল-অবরোধে তাঁদের নাভিশ্বাস উঠেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিনে রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, খরিদ্দার না থাকলেও অনেকে দোকান খুলেছিলেন। ফুটপাতের ওপর বিভিন্ন ফলের পসরা, কাটপিস কাপড়ের অস্থায়ী দোকান, ঠেলায় শাকসবজি। সবই আছে। কিন্তু ক্রেতা নেই, থাকলেও খুবই কম। বেইলি রোডের বিক্রেতারা মিলে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলছিলেন।
উত্তর বাড্ডায় এক যাত্রীকে নিয়ে হাতাহাতির দশা তিন অটোরিকশাচালকের। যাত্রী যাবেন মতিঝিলে, ভাড়া দেবেন ৮০ টাকা, তাই সই। জানতে চাইলে অটোরিকশাচালক মান্নান জানান, ‘সকাল থেকে অবরোধ কী বুঝতে সময় গেছে। দুপুর গড়ায়ে গেছে। রাস্তায় যাত্রী নাই। একে তো পিকেটারদের ভয়, অন্যদিকে মালিকের জমা। তাই যা পাই, তাই সই।’
প্রেসক্লাবের মোড়ে চা-বিক্রেতা আবদুল জানান, হরতালে রিকশাচালকরাই মূল ক্রেতা। কিন্তু পিকেটারদের ভয়ও রয়েছে।