তারা বাড়িঘর পোড়াবে তা বসে বসে দেখব, এ আশা যেন না করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাকিস্তানিরা পরিবার-পরিজন তাদের দেশে রেখে এ দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু
তাদের দালালদের এ দেশে ব্যবসাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি ও পরিবার-পরিজন আছে। তারা আমাদের বাড়িঘর পোড়াবে, হত্যা করবে, আর আমরা বসে বসে দেখব—এই আশা যেন না করে। যে যেমন
করে, তাদের সে রকমই ভোগ করতে হবে।’
গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সূচনা বক্তব্যের পর্বটি ছিল গণমাধ্যমের জন্য উন্মুক্ত।
বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ভয় করলে ভয়, না করলে কিছুই না। আমাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছে। আমি মৃত্যুকে পরোয়া
করি না। মৃত্যুকে জয় করেই এগিয়ে যাচ্ছি। কয়টা সন্ত্রাসীর ভয়ে হাত গুটিয়ে থাকলে চলবে না। তাদের উপযুক্ত জবাব দিতে হবে। আমরাও এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম,
নূহ-উল-আলম লেনিন, হাসানুল হক ইনু, মঈন উদ্দীন খান বাদল, রাশেদ খান মেনন, হাজি আবদুস সামাদ, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।