
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যা করে, জাতীয় চার নেতাকে হত্যা করে, হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীকে হত্যা করে তারা ভেবেছিল আওয়ামী লীগের নাম-নিশানা মুছে দেবে। কিন্তু এ দেশের মাটি ও মানুষের কথা বলার মধ্য দিয়ে আওয়ামী লীগ সংগঠনটা চলে।’
জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত স্মরণসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘এটা কোনো উড়ে এসে জুড়ে বসা অবৈধ ক্ষমতা দখলকারীর দল নয়। এই দলের শিকড় বাংলার মাটিতে প্রোথিত। এই দল আওয়ামী লীগকে হাজারো ষড়যন্ত্র করে কেউ নিশ্চিহ্ন করতে পারে নাই। ভবিষ্যতেও পারবে না।’
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা ২০১৪ সালের নির্বাচন বানচালের চেষ্টা করে এবং খালেদা জিয়া নিজেই নির্বাচনে আসেন নাই। রাজনীতিতে ভুল সিদ্ধান্তের খেসারত তাদেরই দিতে হয়। অথচ খালেদা জিয়া তার ভুল রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিশোধ নিতে গেলেন জনগণের ওপর। জনগণ কেন ভুলের খেসারত দেবে?’
সরকার পতনের আন্দোলনের নামে টানা ৯২ দিন বিএনপি-জামায়াত সন্ত্রাস চালায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তখন বেগম জিয়া বলেছিলেন, সরকার উৎখাত না করে নাকি ঘরে ফিরবেন না। সরকার উৎখাত করতে পারেননি। জনগণই ঠেকিয়েছিল তাদের। যারাই জনগণকে পোড়াবে জনগণই তাদের প্রতিহত করবে। ভবিষ্যতেও তাদের জনগণই ঠেকাবে।’
অনুষ্ঠানের শুরুতে ১৫ আগস্টের শহীদ, প্রয়াত জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা যখন গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, হত্যা-গুম-খুনের কথা বলে, তখন মনে হয় তারা আয়নায় নিজেদের চেহারা দেখে না। আর যদিও বা দেখে, তাহলে মেকআপ করার বাইরে আর কিছু্ই দেখতে পায় না।’
স্মরণসভায় জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম ও আবদুর রাজ্জাক বক্তব্য দেন।
শ্রদ্ধা নিবেদন: এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।