তারা রাষ্ট্রপতির ক্ষমতা নিতে চায়: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিবধানের ১১৬ অনুচ্ছেদে (অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধান) রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা তিনি দিয়ে দিতে পারেন না।
অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালার খসড়া নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষ প্রকাশের পরদিন গতকাল সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘তারা সংশোধন করে যেটা দিয়েছিল সেখানে দেখা গিয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে, ১১৬ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা তারা নিয়ে নিতে চায়।’
প্রধান বিচারপতির প্রতি যথেষ্ট সম্মান আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সেই সম্মান ও অধিকার নিয়ে মাননীয় প্রধান বিচারপতিকে বলতে চাচ্ছি, আমি তো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ওঠানোর কথা বলি নাই। ডিসিপ্লিনারি রুলস দিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ওঠে না। আপনার এজলাসে বসে এগুলো বলার তো দরকার হয় না। আলাপ-আলোচনা তো আমি করবই। আমি কালকে (গত রোববার) যশোরে ছিলাম। ওনার কথা শুনে আমি ফোন করে বলেছি আমি আসছি, বৃহস্পতিবারে বসব।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশে আইনমন্ত্রী বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিষদের আহ্বায়ক আইনজীবী ইউসুফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সদস্যসচিব শেখ ফজলে নূর তাপস।