
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এ দেশে কিছু মানুষ রয়েছে, তাদের আমাদের কোনো কাজই ভালো লাগে না। তারা সব সময় আমাদের সব কাজে কিন্তু খোঁজে। তাদের ক্ষমতায় যাওয়ার তীব্র বাসনা রয়েছে। কিন্তু দেশ পরিচালনা করা ও জনগণের পাশে দাঁড়ানোর যোগ্যতা তাদের নেই।’
গতকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের মুক্তমঞ্চে জেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর সমাধিসৌধ কমপ্লেক্সের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ১২ হাজার পরিবারের বিদ্যুৎ-সংযোগ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদে ৩০ কিলোওয়াট সোলার প্যানেল, টুঙ্গিপাড়ায় ৫ এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্র, সোনালী ব্যাংক টুঙ্গিপাড়া শাখার নিজস্ব ভবনসহ বেশ কয়েকটি নবনির্মিত সেতু উদ্বোধন করেন।
পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের সমালোচকদের উদ্দেশে বলেন, ‘টেলিভিশন চ্যানেল ও এয়ারকন্ডিশন রুম তাদের পছন্দের জায়গা। সেখানে বসে তারা আমাদের বিরুদ্ধে সমালোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরাই সবার আগে বেসরকারি টিভি চ্যানেলের অনুমতি দিয়েছি। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে তাদের প্রচারণা চালিয়ে যেতে সহায়তা করছি। এখন তারাই আমাদের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী সমালোচকদের স্বাধীনতাবিরোধী শক্তির দোসর এবং পদলেহনকারী ও ইয়াহিয়া খানের প্রেতাত্মা হিসেবে অভিহিত করেন।
বহুল আলোচিত পদ্মা সেতু নিয়ে কোনো দুর্নীতি হয়নি দাবি করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পে বিশ্বব্যাংক বা অন্য কেউ দুর্নীতি পায়নি। এখানে অন্য ধরনের ষড়যন্ত্র ছিল। ২০১৮ সালের মধ্যে এই সেতু নির্মাণ হবে।
কোনো সংস্থা বা ব্যক্তির নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে তারা দুর্নীতির অনেক অপবাদ দিয়েছে। এ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা চ্যালেঞ্জ করেছিলাম, এই প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এখন এটা প্রমাণিত যে, ওই অভিযোগ ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’
শেখ হাসিনা আরও বলেন, ‘পদ্মা সেতু নিয়ে আমাদের সরকারের বিরুদ্ধে এই ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের কারণে আমরা তাদের অর্থায়ন প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দিই।’
প্রধানমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের কাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হবে এবং মূল সেতুর নদীশাসন ও নির্মাণকাজ একই সঙ্গে শুরু হবে। বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন নয়; সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়েছে বিএনপি।’
এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, সাংসদ ফারুক খানসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছাড়েন।