মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী পুলিশ ক্যাম্পে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্যরা হামলা করে পুলিশ সদস্য খুন ও অস্ত্র লুট করে। এ ঘটনায় করা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তৎকালীন সরকারের নেতা-কর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীকে সর্বহারা আখ্যা দিয়ে মামলায় আসামি হিসেবে জড়িয়ে দেন। কিন্তু তাঁরা কেউ সর্বহারা পার্টির সদস্য নন।গতকাল শুক্রবার বেলকুচির বরধুল ইউনিয়ন পরিষদ থেকে রান্ধুনীবাড়ী নদীঘাট পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তার সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। চর রান্ধুনীবাড়ী নৌকাঘাট এলাকায় এ সমাবেশ হয়।মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘অন্যান্য আসামির সঙ্গে যে ১০ জনের নাম সংযুক্ত করা হয়েছিল, সেই নামগুলো প্রত্যাহার করতে সুপারিশসহ প্রস্তাব করা হয়েছে। কিন্তু জাতীয় একটি পত্রিকায় এই আসামিদের সর্বহারা হিসেবে চিহ্নিত করে এবং রাজনৈতিক বিবেচনায় আসামিদের নাম প্রত্যাহারের বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।’