আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধীরা সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। একাত্তরে পাকিস্তানি বাহিনী যেভাবে এ দেশের স্থাপনাগুলো ধ্বংস করেছিল, মানবতাবিরোধীরা ঠিক তেমনি দেশের ট্রেন ও বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করে উন্নয়নের বিরোধিতা করছে।কামরুল ইসলাম বলেন, ‘মানবতাবিরোধীরা আমাদের কষ্টার্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। তারা সেনাবাহিনীকে উসকে দিচ্ছে। গণতান্ত্রিক পন্থায় নয়, তারা সেনাবাহিনীকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও হঠকারিতা করছে। তাই আমাদের সবাইকে একাত্তরের মতো ঐক্যবদ্ধভাবে এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সেখানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ্জাহান, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী প্রমুখ।