তারাকান্দা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম
ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে দেখা গেছে।
মোট ৭২টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে দেখে গেছে, পুরুষ ভোটারের উপস্থিতি মোটামুটি থাকলেও নারী ভোটারের উপস্থিতি খুবই কম। সকাল নয়টায় উপজেলার বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের বুথের সামনে কোনো ভোটার নেই। কেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র। কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবদুস ছালাম জানান, মোট ২৫৩টি নারী ভোটের মধ্যে দুই ঘণ্টায় মাত্র তিনটি ভোট পড়েছে। তবে তিনি আশা করেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।
ভোট দিয়েছেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী
১৮ দল-সর্মথিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও ১৪ দল-সর্মথক প্রার্থী শরীফ আহমেদ নিজ নিজ এলাকার কেন্দ্রে ভোট দিয়েছেন। মোতাহার হোসেন তালুকদার ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন, আর ১৪ দল-সমর্থিত প্রার্থী শরীফ আহমেদ কামরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। দুই প্রার্থীই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান।
এই নির্বাচনে মোট ভোটার এক লাখ ৮৮ হাজার ৬৫৫ জন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে। নিরাপত্তা রক্ষায় র্যাব-পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবিও মোতায়ন করা হয়েছে।