তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ
ময়মনসিংহের নবগঠিত তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
চেয়ারম্যান পদে ময়মনসিংহ জেলা উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন তালুকদার হেলিকপ্টার, আওয়ামী লীগের নেতা শরীফ আহমেদ ঘোড়া, তারাকান্দা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ তালুকদার টেলিভিশন, তারাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক মোটরসাইকেল, তারাকান্দা বাজারের ইট ও কাপড় ব্যবসায়ী শাহজাহান খান কাপ-পিরিচ, তারাকান্দা ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি মাসুদ রানা খান আনারস ও ব্যবসায়ী ইউসুফ আলী টুপি প্রতীক পেয়েছেন।
রোববার তারাকান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এফ এম ওয়াহিদুজ্জামান ও তারাকান্দা বাজার বণিক সমিতির সভাপতি নূরুজ্জামান সরকার চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেন।
ভাইস চেয়ারম্যান পদে শেখ আলাউদ্দিন চশমা, হযরত আলী টিয়া পাখি, আবদুল মান্নান ফুটবল, আনোয়ার হোসেন মণ্ডল মাইক, তারাকান্দা উপজেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মণ্ডল উড়োজাহাজ, তারাকান্দা ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি ফজলুল হক সরকার টিউবওয়েল ও শিক্ষক রফিকুল ইসলামকে তালা প্রতীক দেওয়া হয়েছে। রোববার বিএনপির নেতা মফিদুল ইসলাম সরকার প্রার্থিতা প্রত্যাহার করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিন হাঁস, সালমা আক্তার খাতুন পদ্মফুল ও তারাকান্দা থানা ছাত্রদলের মহিলাবিষয়ক সম্পাদক সুলতানা আক্তার কলস প্রতীক পেয়েছেন।