তারাকান্দা ও বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ নিহত ৪
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গতকাল শুক্রবার ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। কুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হন।
তারাকান্দা থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার মুজাহারদি এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর যাত্রী গৌরীপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মদিনা (৪৫) ও তারাকান্দা উপজেলার সদরের ফখরুউদ্দিন (৪৩) মারা যান। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে অপর এক যাত্রী (৩৪) মারা যান। পুলিশ তাঁর নাম ও পরিচয় জানাতে পারেনি। এ ছাড়া দুর্ঘটনায় একজন নারী যাত্রী আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় গতকাল বিকেলে পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
গতকাল বেলা আড়াইটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার আগানগর এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. মাসুম (২৪) ঘটনাস্থলেই মারা যান। তিনি একই উপজেলার গাজীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মাসুমের বন্ধু মো. শাকিল (২৪) আহত হন। বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া বলেন, বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মাসুমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মারা যান।