তারাকান্দা ও মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গতকাল সোমবার যাত্রীবাহী একটি বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক নারী।
তারাকান্দায় নিহত তিনজন হলেন শেরপুর সদর উপজেলার সাজু মিয়া (২৫), ময়মনসিংহ শহরের মনির উদ্দিন (১৮) ও তারাকান্দা উপজেলার রায়হান (২৭)। মধুপুরে নিহত হয়েছেন ওই উপজেলার রক্তিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে জহুরা বেগম (৪৫)।
তারাকান্দা থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস তারাকান্দা উপজেলার বাগুন্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে কমপক্ষে আটজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুপুর ১২টার দিকে সাজু মিয়া ও মনির উদ্দিন মারা যান। আহত অপর এক ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাগুন্দা এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় স্থানীয় লোকজন জানান, কয়েক মাস আগে ওই সড়কের ফুলপুর উপজেলায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের গাড়ি একটি গতিরোধকের কারণে দুর্ঘটনাকবলিত হলে তিন দিনের মধ্যে ওই সড়কের সব গতিরোধক সরিয়ে ফেলে সড়ক ও জনপথ বিভাগের (সওজ)
লোকজন। বাছবিচার না করে গতিরোধক উঠিয়ে ফেলাতেই দুর্ঘটনা ঘটছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ বলেন, নিহত অপর ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশ বাগুন্দা এলাকায় গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর উপজেলার রক্তিপাড়ায় জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় রক্তিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে জহুরা বেগম রাস্তা পারাপারের সময় ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।