তারাকান্দা থানার ওসিকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লাকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই থানার পরিদর্শক আলী আহমেদ।
গত মঙ্গলবার প্রথম আলোয় ‘থানার অদূরেই জুয়ার আসর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর ওই দিনই তাঁকে প্রত্যাহার করা হয়। তারাকান্দা থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে মঙ্গলবার বিকেলে থানার ওসি মকবুল হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
থানার একটি সূত্র জানিয়েছে, ওসির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের কারণেই তাঁকে প্রত্যাহার করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে তারাকান্দা থানার অদূরে রণকান্দা গ্রামে জুয়ার আসর চললেও পুলিশ নীরব ভূমিকায় ছিল। স্থানীয় লোকজন জুয়ার আসরের খবর পুলিশের কাছে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
তবে ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক বলেন, এটা প্রশাসনিক সিদ্ধান্ত। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে।