তারাকান্দায় অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে গতকাল রোববার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ময়মনসিংহ শহরের পাটগুদাম বাস টার্মিনাল এলাকা থেকে নারী ও শিশুসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উদ্দেশে যাত্রা করে। পথে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারের কাছে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই নারী, তিন পুরুষ ও এক শিশু নিহত হন।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি দুর্গাপুরের একই এলাকায়। তাঁরা ময়মনসিংহ শহর থেকে কোনো কাজ শেষে একসঙ্গে বাড়ি ফিরছিলেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, নিহত ব্যক্তিদের বাড়ি দূরে হওয়ায় কোনো স্বজন যোগাযোগ না করায় পরিচয় জানা যাচ্ছে না। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে।