তারাকান্দায় দুই ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

এদিকে গৌরীপুর উপজেলায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে গেলে এক ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে ৫ ও ৬ সেপ্টেম্বর ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল বিতরণ শেষে ধরা পড়ে ১ হাজার ৫০০টি ভুয়া কার্ডধারী চাল সংগ্রহ করেছেন। গত বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রামপুর বাজারে স্থানীয় ব্যক্তিরা জেরা করলে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এনায়েত কবীর ভুয়া কার্ড তৈরি করে সরবরাহ করার বিষয়টি স্বীকার করেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনায় রামপুর ইউপি চেয়ারম্যান মদন চন্দ্র সিংহ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে ওই দুই সদস্যের নামে তারাকান্দা থানায় মামলা করেন বলে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক। তিনি বলেন, চেয়ারম্যানের মামলায় ওই দুই সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গৌরীপুরে লাঞ্ছিত হওয়া দুই সাংবাদিক হলেন আনোয়ার হোসেন ও রাকিবুল ইসলাম। লাঞ্ছিত হওয়া ব্যক্তিদের অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাওহা ইউপি কার্যালয়ের পাশেই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। প্রকৃত কার্ডধারীদের মাঝে চাল বিতরণ হচ্ছে না, এমন অভিযোগ পেয়ে একটি অনলাইন পোর্টালের সাংবাদিক আনোয়ার হোসেন ও দৈনিক প্রতিদিনের সংবাদ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম সংবাদ সংগ্রহ করতে যান। খবর পেয়ে মাওহা ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন এসে প্রথমে আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেন। বাধা দেওয়ার চেষ্টা করলে রাকিবুলকেও লাঞ্ছিত করেন ওই চেয়ারম্যান।

ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন বলেন, ‘ইউপি পরিষদের বাইরে কে বা কারা সাংবাদিকদের মারধর করেছে তা আমি জানি না।’