তারাকান্দায় শিশু খুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রবিন মিয়া (৫) নামের এক শিশুকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে বালিখাঁ ইউনিয়নের রাউতনবাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিনকে জন্মদানের সময় তার মা আকলিমা মারা যান। পরে রবিনের চাচি রওশনারা তাকে লালনপালন করে আসছিলেন। গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে রবিন খেলতে যায়। দুপুরের পর সে নিখোঁজ হয়। তাকে না পেয়ে গতকাল মঙ্গলবার এলাকায় মাইকিং করা হয়। পরে রওশনারা বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবায় মাটি খোঁড়া অবস্থায় এবং সেখানে একটি লাশের পায়ের কিছু অংশ বেরিয়ে থাকতে দেখেন। পরে মাটি খুঁড়ে রবিনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল বিকেলে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার আলী বলেন, ওই শিশুটিকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ মাটিতে গর্ত করে পা ওপরের দিকে দিয়ে পুঁতে রাখে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।