তারাকান্দায় সড়কের পাশে অটোরিকশার স্ট্যান্ড, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে ময়মনসিংহ-শেরপুর সড়কের ওপর গড়ে তোলা সিএনজিচালিত অটোরকিশার অবৈধ স্ট্যান্ড। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে ময়মনসিংহ-শেরপুর সড়কের ওপর গড়ে তোলা সিএনজিচালিত অটোরকিশার অবৈধ স্ট্যান্ড। গতকাল বিকেলে তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহ-শেরপুর সড়কের ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরের বাসস্ট্যান্ডকে ঘিরে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এই অটোরিকশার স্ট্যান্ডের কারণে প্রতিদিন উপজেলা শহরে যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ।
তারাকান্দা উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার কোনো স্ট্যান্ড নেই। নিয়মবহির্ভূতভাবেই চালকেরা ওই সড়কের পাশে অটোরিকশার স্ট্যান্ড গড়ে তুলেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তারাকান্দা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কের সঙ্গে তারাকান্দা-ধোবাউড়া সড়কের সংযোগস্থল। এই এলাকার সড়কের দুই পাশে অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা দাঁড় করানো। এতে বাস, ট্রাকসহ দূরপাল্লার যানবাহনগুলো সহজে সড়কের ওই অংশ দিয়ে চলাচল করতে পারছে না। এতে সেখানে সৃষ্টি হচ্ছে যানজট। যানজটের কারণে পথচারীরা ভোগান্তিতে পড়ছে।
আশিকুল ইসলাম নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিনই যানজট লেগে থাকে। যানজটের একমাত্র কারণ অবৈধ অটোরিকশার স্ট্যান্ড। এখানে প্রতিদিন ৩০০-৪০০ অটোরিকশা দাঁড় করিয়ে রাখা হয়।
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. রফিকুল বলেন, উপজেলা শহরে সিএনজিচালিত অটোরিকশার জন্য আলাদা কোনো স্ট্যান্ড নেই। তাই যাত্রী নেওয়ার জন্য বাসস্ট্যান্ড এলাকায় থাকতে হয়। এ ছাড়া অনেকেই এখন অটোরিকশা কিনে তা চালিয়ে সংসারের খরচ জোগাড় করছেন। উচ্ছেদ করা হলে তাঁরা বিপাকে পড়বেন।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শের মাহবুব মুরাদ বলেন, ‘আমরা একাধিকবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আমাদের নতুন জায়গা নির্ধারণ করে অটোরিকশার স্ট্যান্ড করে দেওয়ার পরিকল্পনা আছে।’
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক বলেন, সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড সম্পূর্ণ অবৈধ। এসব অবৈধ অটোরিকশার জন্য যানজট সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে।