তারাগঞ্জ ইউএনওকে অভিনন্দিত করল মন্ত্রিপরিষদ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলাবাসীকে নিয়ে এক ঘণ্টায় আড়াই লাখ গাছ রোপণের জন্য রংপুরের তারাগঞ্জ ইউএনও এবং তারাগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৫ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএনও জিলুফা সুলতানার হাতে অভিনন্দনপত্র ও ক্রেস্ট তুলে দেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তারাগঞ্জ ইউএনওর নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতায় উপজেলার ১৫৩টি রাস্তায় ১ সেপ্টেম্বর এই গাছ লাগানো হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ কাকডাকা ভোরে কোদাল, পাচন, খুন্তি নিয়ে রাস্তায় নেমে পড়েন এবং এক ঘণ্টায় আড়াই লাখ গাছ রোপণ করে অন্য রকম নজির সৃষ্টি করেন। ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ স্লোগানে ওই কর্মযজ্ঞে যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও জিলুফা সুলতানা। সেখানেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে ডেকে নেওয়া এবং অভিনন্দনপত্র ও ক্রেস্ট দেওয়ার তথ্য জানান।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আজম, আফজালুল হক, রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

ইউএনও বলেন, কীভাবে এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগানো হলো, তাঁর কাছ থেকে সে গল্প শুনতে চান ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষে তাঁর হাতে ক্রেস্ট, অভিনন্দনপত্র তুলে দেওয়া হয়।