তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই আট দিন
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি উত্তোলনের পাম্পটি আট দিন ধরে নষ্ট হয়ে আছে। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পানির অভাবে রোগীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। রোগীরা বাধ্য হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে চলে যেতে।জানা যায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সব সময় গড়ে প্রায় ৫০ জন রোগী ভর্তি থাকতেন। শয্যা ছাড়াও রোগীরা মেঝেতে থেকে চিকিত্সা নিতেন। কিন্তু ১৭ মে থেকে পানির পাম্পটি নষ্ট। টয়লেটে পানি না থাকায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিষ্কার করা যাচ্ছে না রোগীদের প্রয়োজনীয় জিনিসপত্র।গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মাত্র ছয়জন রোগী পাওয়া গেছে। ঝাকুয়াপাড়া গ্রামের শমসের আলী (৩৫) বলেন, ‘হাসপাতালের দরকারি জিনিস কোনা হইল পানি। কিন্তুক সেই পানি কোনায় এটে পাওয়া যায়ছে না। পানির অভাবে হামার খুব কষ্ট হয়ছে।’ঘনিরামপুর গ্রামের হামিদুল ইসলাম (৪২) বলেন, ‘বাইরে থেকে খাবার পানি কোনা আনা যায় কিন্তু বাথরুমের পানি আনতে খুব কষ্ট হয়। এ কষ্টের কথা কোনা হামরা কাক কমো।’ ভীমপুর গ্রামের ডেইজি আক্তার (২৮) বলেন, ‘ভাইজান এটা হাসপাতাল নোয়ায় দোজখখানা। সুস্থ লোক এটে কোনা ভর্তি হইলে অসুস্থ হয়া পড়বে।’ তারাগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘পাম্পটি ঠিক করতে ২০ মে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে চিঠি দিয়েছি। এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ তিনি বলেন, পানির অভাবে হাসপাতাল থেকে রোগীরা চলে যাচ্ছে। আমাদেরও নানা সমস্যা হচ্ছে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তারাগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফিরোজ আহমেদ প্রথম আলোকে জানান, হাসপাতালের চিঠি পেয়েছি। দুই এক দিনের মধ্যে পাম্পটি ঠিক করে দেওয়া হবে।