তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল প্রামাণিকপাড়া গ্রামে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের দীনেশ রায়ের গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য মাটির পাত্রে রাখা তুষের আগুন থেকে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ওই গ্রামের গণেশ রায়, কার্তিক রায়, জগন্নাথ রায়, জোতিষ রায়, জতীন্দ্র নাথ, পরিমল চন্দ্র, অনিল চন্দ্র, মোকানন্দ রায়, সতীষ চন্দ্র, কৃষ্ণ রায়সহ ১৩টি পরিবারের ধান, চাল, তামাকসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে এসে চিলাপাক গ্রামের ইকরামুল হক, আমিনুল ইসলাম, প্রামাণিকপাড়া গ্রামের সমছের আলী, মোফাজ্জল হোসেন আহত হন। তাঁদের মধ্যে আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত চারটায় রংপুর ও বদরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ও ইউএনও জিলুফা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শাড়ি, লুঙ্গি ও শুকনো খাবার দিয়েছেন। এ ছাড়া সরকারিভাবে প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে টিন, এক বস্তা করে চাল ও কম্বল দেওয়া হয়েছে।