রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ ভটভটি। ফিটনেসবিহীন এই অবৈধ যানের কারণে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়েছে। গত এক মাসে ভটভটি উল্টে ও ধাক্কা লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর হাড়িয়ারকুটি ইউনিয়নের খারুভাজ গ্রামের বাহাদুর হোসেন (৩২) ও শফিকুল ইসলাম (২৮) পাগলাপীর বাজার থেকে ভটভটিতে করে রংপুর-সৈয়দপুর মহাসড়ক দিয়ে নিজেদের বাড়িতে ফিরছিলেন। পথে রংপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায়। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। আহত হন ভটভটির আরও ১১ জন যাত্রী।
১৫ অক্টোবর মহাসড়কের বরাতির সেতুর কাছে ভটভটির ধাক্কায় নিহত হন ইকরচালী ইউনিয়নের কামারপাড়া গ্রামের দিনমজুর মনমোহন রায় (৪৩)। ১২ অক্টোবর মহাসড়কের তারাগঞ্জ হাসপাতালের সামনে রিকশার সঙ্গে ধাক্কা লেগে ভটভটি উল্টে ১৫ জন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরে একজন মারা যান।
৬ অক্টোবর ডাংগীর হাটবাজারের কাছে একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ভটভটির সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজন ও ভটভটি উল্টে ১২ জন আহত হন। তাঁদের একজন মোটরসাইকেল আরোহী মেনানগর গ্রামে ইছাহক আলীর মেয়ে জান্নাতি আক্তার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই দিন সন্ধ্যায় মারা যান।
খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর-তারাগঞ্জ-সৈয়দপুর মহাসড়কসহ তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ ভটভটি। ফিটনেসবিহীন এই যানের সামনে ও পেছনে কোনো সিগন্যাল বাতি বা আলোর ব্যবস্থা নেই। এই যানের ব্রেকও নিরাপদ নয়। চালকদেরও কোনো লাইসেন্স নেই। ভটভটির অনেক চালক শিশু।
মেনানগর গ্রামের ভটভটিচালক সাইফুল ইসলাম (১৯) বলেন, ভটভটির ব্রেক ভালো না হওয়ায় দ্রুতগতিতে চালাতে গিয়ে এগুলো সহজে নিয়ন্ত্রণ করা যায় না। এ কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
তারাগঞ্জ কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, সরকার মহাসড়ক দিয়ে ভটভটি চলাচল নিষিদ্ধ করেছে। কিন্তু তারাগঞ্জে মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় অবাধে চলাচল করলেও পুলিশ প্রশাসন এগুলো বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।