তারাগঞ্জে আ.লীগের ৩ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার সূত্রে জানা যায়, উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের কাজটি পেয়েছেন তারাগঞ্জের ঠিকাদার রশিদুল ইসলাম। নির্মাণকাজ চলাকালে গত মঙ্গলবার দুপুরে ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন (৪৫), সহসভাপতি রাজু আহাম্মেদ (৩৫), ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টু মিয়াসহ (৩৫) পাঁচজনের একটি দল ঠিকাদার রশিদুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আওয়ামী লীগের নেতারা ঠিকাদার রশিদুল ও তাঁর সহকারী কামরুল হাসানকে মারধর করেন। এতে আহত রশিদুল স্থানীয়ভাবে চিকিৎসা নেন। আর গুরুতর আহত কামরুল হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ সম্পর্কে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আমি কোনো চাঁদা চাইনি। নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।’

ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টু মিয়া বলেন, ‘ওই দুই ঠিকাদার জাসদ-বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার দিন তাঁরা আওয়ামী লীগ নেতা-কর্মীদের গালিগালাজ করেন। এতে ছেলেরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ধাক্কা দিয়েছে। আমি ঘটনাস্থলে না থাকলেও আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান বলেন, দলে চাঁদাবাজের কোনো ঠাঁই নেই। বিষয়টি স্থানীয় সাংসদসহ জেলা নেতাদের জানানো হয়েছে।

ঠিকাদার রশিদুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন সহযোগী ১৪ দলের অন্যতম জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আর আমি জাসদের উপজেলা সাধারণ সম্পাদক। তাই আওয়ামী লীগ নেতা-কর্মীকে গালিগালাজের প্রশ্নই ওঠে না।’ তিনি আরও বলেন, ‘৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় তাঁরা আমাদের দুজনকে মারপিট করেছেন। কিছু টাকা ছিনিয়েও নিয়েছেন।’

উপজেলা প্রকৌশলী আহাম্মেদ হায়দার জামান বলেন, ‘ওই ভবন নির্মাণে অনিয়মের কোনো অভিযোগ আমি পাইনি।’

তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ মিয়া বলেন, মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।