তারাগঞ্জে আদা নিয়ে কৃষকের পেরেসানি
রংপুরের তারাগঞ্জের জগদীশপুর গ্রামের কৃষক আয়নাল হকের চোখে পানি। পচন রোগে আক্রান্ত হয়ে তাঁর আদাখেত মরে যাচ্ছে। দুই দফা কীটনাশক ছিটিয়েও কাজ না হওয়ায় তিনি অসহায় হয়ে পড়েছেন। আয়নালের মতো এমনি অবস্থা উপজেলার অনেক কৃষকের। পচন রোগে আদাখেত নষ্ট হওয়ায় তাঁরা দুচিন্তায় পড়েছেন।কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, যদি কেউ ভালো খেত থেকে বীজ সংগ্রহ করে তা রোপণ করেন এবং আদা রোপণের ২০ দিন আগে প্রতি শতাংশ জমিতে চার কেজি করে চুন দেন এবং কাণ্ডবীজ উত্তোলন না করেন তাহলে তাঁর খেতে পচন রোগ দেখা দেবে না।উপজেলা কৃষি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় দেড় হাজার একর জমিতে আদার চাষ হয়। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় এখানকার কৃষকেরা দীর্ঘদিন ধরে আদা চাষ করে আসছেন। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার আদা রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলায় রপ্তানি করা হয়। কিন্তু পচন রোগে আক্রান্ত হয়ে আদার খেত নষ্ট হয়ে যাচ্ছে। বাজারের প্রচলিত কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন না হওয়ায় কৃষকেরা অসহায় হয়ে পড়েছেন।কাংলাচড়া গ্রামের কৃষক আতাউর রহমান বলেন, ‘এইবার হাট থাকি সাত হাজার টাকা দামে চার বস্তা আদা কিনি ১০০ শতক জমিত গারছুন। কিন্তুক আদার গাছগুলা কেমবা হলুদ হয়া মরি যায়ছে। ঔষধ দিয়াও কোন কাম হয়ছে না।’ বুড়ীরহাট গ্রামের কৃষক ছাইফুল ইসলাম বলেন, ‘তোমরায় কনতো হামরা বাচমো কি খেয়া। আলুও নেয়ছে না, হামার আদাও পচি যায়ছে। দুই-তিনবার করি ঔষধ দিয়াও আদার গাছগুলা বাচা যায়ছে না।’ পারঘাট গ্রামের কৃষক সেকেন্দার জানান, এক একর জমিতে আদা চাষের জন্য গড়ে ৩০-৩৫ হাজার টাকা খরচ হয়। আর ফলন ভালো হলে উৎপাদিত আদা দুই থেকে আড়াই লাখ টাকা বিক্রি হয়। চলতি মৌসুমে ফলন ও দাম দুটোই ভালো ছিল। কিন্তু অতিবৃষ্টির পর ছত্রাকের কারণে আদার গাছ মরে যাচ্ছে।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, কৃষকদের প্রতি বছর ভালো খেত থেকে বীজ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনেকে তা মানেন না। এ কারণে খেতে পচন দেখা দেয়। যা কীটনাশক প্রয়োগ করেও সারবে না।