রংপুরের তারাগঞ্জ উপজেলায় আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি ইটভাটার জন্য বিক্রি করা হচ্ছে। ইটভাটার মালিক, মাটি কেনাবেচায় দালালদের লোভনীয় টোপ ও অভাবের কারণে কৃষকেরা সামান্য টাকায় এ মাটি বিক্রি করছেন। ফলে আবাদি জমির পুষ্টি উপাদান কমে কৃষিপণ্যের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১২ হাজার ২৩ হেক্টর তিন ফসলি আবাদি জমি রয়েছে। এসব জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আলু, সরিষা, আদা-বেগুনসহ বিভিন্ন জাতের কৃষিপণ্য উৎপাদন করা হচ্ছে। কিন্তু কয়েক বছর ধরে এসব আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি এক শ্রেণীর মাটি ব্যবসায়ী কৃষকদের কাছে কম দামে ক্রয় করছেন। পরে ওই ব্যবসায়ীরা ইটভাটায় বেশি দামে মাটি বিক্রি করে লাভবান হচ্ছেন। এ ছাড়া ইটভাটার মালিকেরাও সরাসরি কৃষকদের অসচেতনতার সুযোগ নিয়ে স্বল্পমূল্যে মাটি কিনে তা দিয়ে ইট তৈরি করছেন।
উপজেলার পাঁচটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ২১টি ইটভাটায় মাটি কিনে মজুত করা হচ্ছে। সরকারি বিধি মোতাবেক অকৃষি জমিতে ইটভাটা নির্মাণের নিয়ম থাকলেও এসব ইটভাটার ক্ষেত্রে তা মানা হয়নি। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম জানান, কৃষকেরা জমির উর্বরতা শক্তির ক্ষতির দিক চিন্তা না করে সাময়িক লাভের আশায় ইটভাটায় মাটি বিক্রি করছেন। উত্তরপাড়া গ্রামের কৃষক ইয়াছিন আলী বলেন, ‘মাটি বেচলে জমির ক্ষতি হয়. এ কথা তো আমরা জানি না। অভাবের সময় নগদ টাকা পাই বলে আমরা জমির মাটি বেচাই।’
অনন্তপুর গ্রামের আরেক কৃষক আবু বক্কর বলেন, ‘বেশি করে সার দিয়েও এখন জমিত ভালো ফসল হয় না। এখন আমি বুঝবার পারছি, জমির মাটি বেচে ভুল করছি।’ মাটি ব্যবসায়ী লাল মিয়া জানান, ২৪ শতক জমিতে দেড় ফুট গভীর করে মাটি কেটে নিলে ১৫ হাজার ফুট মাটি পাওয়া যায়। এই মাটি ইটভাটায় বিক্রি করলে প্রতি হাজার ফুট মাটি চার হাজার ৫০০ টাকা হিসাবে ৬৭ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরিবহন ও মজুরি খরচ বাবদ ব্যয় হয় ৩৬ হাজার টাকা। জমির মালিক পান ১১ হাজার টাকা। বাকি ২০ হাজার ৫০০ টাকা তাঁদের লাভ থাকে।
হাড়িয়ারকুঠি ইউনিয়নের এসবিএল ইটভাটার মালিক আনিছুল ইসলাম বলেন, ‘ভাই আমাদের না বলে কৃষকদের বোঝান। তাঁরা মাটি না বেচলে আমরা কেনব না।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, ফসল উৎপাদনের জন্য ৫ শতাংশ যে জৈব উপাদান দরকার, তা সাধারণত মাটির ওপর থেকে ৮ ইঞ্চি গভীর পর্যন্ত থাকে। কিন্তু মাটি ব্যবসায়ী ও ইটভাটার মালিকেরা মাটির উপরিভাগের এক থেকে দেড় ফুট পর্যন্ত কেটে নিচ্ছেন। এতে কেঁচোসহ উপকারী পোকামাকড় নষ্ট হচ্ছে। ফলে ভালো উৎপাদন-ক্ষমতাসম্পন্ন জমিগুলো দ্রুত হারিয়ে ফেলছে উর্বরতা শক্তি।
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র জানান, জমির উপরিভাগের মাটি বিক্রি না করার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এর পরও অনেক কৃষক টাকার লোভে মাটি বিক্রি করছেন। মাটি বিক্রি করা জমির উর্বরতা ফিরে আসতে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যেতে পারে।