তারাগঞ্জে আমন খেতে খোলপচা রোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে আমন খেতে খোলপচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন না হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে ধানের ফলন কমে যাবে বলে কৃষকেরা আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে নয় হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এবার পানির অভাবে উপজেলার সব এলাকাতেই দেরিতে আমন ধান রোপণ করা হয়। এখন ধানগাছের বৃদ্ধির সময় হঠাৎ গাছের কাণ্ড লাল হয়ে পাতা শুকিয়ে মরে যাচ্ছে। কয়েক হাত পর পর এক-দুই ফুট জায়গাজুড়ে এ রোগ ছড়িয়ে পড়েছে। কীটনাশক প্রয়োগ করেও কৃষকেরা রোগের বিস্তার রোধ করতে পারছেন না।
ইকরচালী ইউনিয়নের মেনানগর গ্রামের কৃষক আনছার আলী জানান, তারাগঞ্জে চার-পাঁচ বছর ধরে আমন মৌসুমে স্বর্ণ জাতের ধানের চাষ বেশি হচ্ছে। আগে এ জাতের ধানে কোনো রোগবালাই না থাকলেও এবার খেতে এই রোগ দেখা দিয়েছে। বিশেষ করে নিচু জমিতে এই রোগের প্রকোপ বেশি। এ কারণে ফলন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সয়ার ইউনিয়নের জলুবার গ্রামের কৃষক বাবু মিয়া ও আশরাফুল আলম জানান, তাঁদের দুই বিঘা জমির ধানে খোলপচা রোগ ধরেছে। কোনোভাবেই এ রোগ দমন করা যাচ্ছে না।
আলমপুর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের কৃষক আবদুল বাতেন বলেন, ‘তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। গাছ দেখে মনে হইছিল ফলন ভালো হইবে। কিন্তুক হঠাৎ করি এই রোগ খেতে ধরি গাছগুলা দুর্বল হয়া যায়ছে। ঔষধ দিয়াও কাম হয়ছে না।’
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ বলেন, প্রয়োজনের তুলনায় খেতে পটাশ কম প্রয়োগ করলে ও ইউরিয়া সার বেশি ব্যবহার করলে এ রোগ দেখা দেয়। প্রতি ৩৩ শতকে পাঁচ কেজি পটাশ ছিটিয়ে দিলে এ রোগ দমন হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে এ রোগ প্রতিরোধের পরামর্শ দিচ্ছেন।