তারাগঞ্জে আহমদিয়া জামায়াতের প্রতিষ্ঠান ওবাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে আহমদিয়া মুসলিম জামায়াত-সমর্থিতদের ধর্মীয় প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে কতিপয় লোকজন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার হাড়িয়ারকুঠি মেনানগর গ্রামে ওই ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল থেকে লোকজন মেনানগর গ্রামের বড় মসজিদের সামনে একত্র হয়। বেলা ১১টার দিকে তারা লাঠিসোঁটাসহ মিছিল বের করে। পরে বেলা দুইটার দিকে আহমদিয়াদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান ও মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন। ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন একদল পুলিশ নিয়ে গেলে তাঁদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এতে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মেনাজুল ইসলামসহ (১২) পাঁচজন আহত হন। মেনাজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।রংপুরের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন সন্ধ্যার আগে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের সঙ্গে আবারও জনতার সংঘর্ষে আরও ১০জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দফায় ৪০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ১২ জনকে আটক করা হয়। ইউএনও ও ওই পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহমদিয়াবিরোধী কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন ‘ওঁরা (আহমদিয়া) নানা ধরনের কটূক্তি করেন। তাই এঁদের প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে।’ আহমদিয়া জামায়াতের স্থানীয় প্রেসিডেন্ট আক্কাসুর রহমান অভিযোগ করে বলেন ‘জামায়াতে ইসলামীর নেতা নুর হোসেন নেপথ্যে থেকে আহমদিয়াদের বিরুদ্ধে মানুষকে উসকানি দিচ্ছেন।’ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার নায়েবে আমির নুর হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি শহরে থাকি। ইন্ধন দিব কেমন করে। আজকের এই ঘটনার সঙ্গে আমার সম্পৃক্তা নেই।’ প্রথম আলোর সাংবাদিক হামলার শিকার, গুরুতর আহত: ঘটনার চিত্র ধারণ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়া। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, রহিদুল ইসলাম মিয়ার ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাঁকে মারধর করা হয়। হাসপাতালের চিকিৎসক এস এম আশরাফুল হায়াত জানান, রহিদুল মিয়ার চোঁয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। এক্স-রে করে বিস্তারিত জানা যাবে। মাথায়, ডান হাত, পিঠ ও পায়েও তিনি আঘাত পেয়েছেন।