তারাগঞ্জে কমছে আলু চাষ, বাড়ছে সরিষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু চাষ করে টানা দুই বছর লোকসান হওয়ায় আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন রংপুরের তারাগঞ্জের কৃষকেরা। এবার তাঁদের অনেকেই সরিষা চাষে ঝুঁকেছেন। গত বছর আলুর বাম্পার ফলন এবং চলতি বছরে হরতাল ও অবরোধের কারণে কৃষকেরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে স্থানীয় লোকজন জানান।

উপজেলা কৃষি বিভাগ জানায়, গত মৌসুমে তিন হাজার ২৮০ হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছিল। এবার আড়াই হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর সরিষা চাষ হয়েছিল ২০০ হেক্টর জমিতে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪ হেক্টর জমিতে। সরকারপাড়া গ্রামের আলুচাষি দেলওয়ার হোসেন জানান, তিনি গত দুই মৌসুমে ১২ বিঘা জমিতে আলু চাষ করেন। দুই বছরই তাঁর বেশ লোকসান হয়েছে। তাই এ বছর চার বিঘায় আলু ও তিন বিঘায় সরিষা চাষ করেছেন। বাকি জমিতে বোরো চাষ করবেন। সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, গত বছর তিন বিঘা জমিতে আলু চাষে তাঁর ৮৫ হাজার টাকা খরচ হয়। ওই বছর তাঁকে ৬৭ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে।

ইকরচালী ইউনিয়নের সারের ডিলার মোবারক হোসেন জানান, গত বছর যে পরিমাণ সার বিক্রি হয়েছে, এ মৌসুমে তার সিকি ভাগও হয়নি। আলুর আবাদ কম হওয়ায় সার বিক্রি কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র বলেন, আলু চাষ করে দুই বছর ধরে লোকসান হওয়ায় অনেকে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ পর্যন্ত মাত্র এক হাজার ৬৬০ হেক্টরে কৃষকেরা আলু রোপণ করেছেন। অনেকে সরিষা চাষে করছেন, তবে আলুর বীজ রোপণের জন্য আরও ১০-১২ দিন সময় আছে।