তারাগঞ্জে কলায় ছিটানো হচ্ছে কার্বাইড
রংপুরের তারাগঞ্জে দ্রুত সময়ে কলা পাকাতে বিষাক্ত কার্বাইড দিচ্ছেন ব্যবসায়ীরা। পরে কার্বাইড মেশানো এই কলা তারাগঞ্জের হাটবাজারসহ ট্রাকে করে সারা দেশে পাঠানো হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ৭১৮ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। ব্যবসায়ীরা প্রতিদিন ১৫-২০ ট্রাক কলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার থেকে প্রতিদিন ছয়-সাত ট্রাক কলা বিভিন্ন স্থানে যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা কলা কিনে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের পাশে জড়ো করে রেখেছেন।
বুড়িরহাট গ্রামের কলা ব্যবসায়ী আকমল হোসেন (৩৬) বলেন, ঢাকার ব্যবসায়ীরা কলা ট্রাকে তোলার আগে বালতিতে রাসায়নিক পদার্থের সঙ্গে পানি মিশিয়ে কলার কাদিতে সেপ্র করে কলাপাতা দিয়ে ঢেকে রাখেন। তিন-চার ঘণ্টা পর ট্রাকে ভর্তি করে তা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
বুড়িরহাট বাজারে কলা কিনতে আসা ঢাকার ব্যবসায়ী আকবার হোসেন জানান, কলায় যে তরল রাসায়নিক পদার্থটি সেপ্র করা হয় তার নাম প্রমোট। এই রাসায়নিক পদার্থটি ভারত থেকে আসে। এটি কলায় সেপ্র করার ১২-১৪ ঘণ্টার মধ্যে কলার রং সবুজ থেকে হলুদ হয়ে যায়। এতে কলা তিন-চার দিন শক্ত থাকে। ফলে খুচরা বিক্রেতাদের জন্য সুবিধা হয়। এ ছাড়া কলার রং হলুদ থাকায় ক্রেতারাও সহজে আকৃষ্ট হয়।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহজাহান সরকার বলেন, প্রমোট নামের এই ওষুধটি কার্বাইড। এটা পানিতে মিশিয়ে সেপ্র করা হয়। কার্বাইড মেশানো কলা বেশি দিন খেলে কিডনি ও যকৃতের ক্ষতি হয়।