তারাগঞ্জে কাজ না করেই টিআরের বরাদ্দ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) আওতায় নেওয়া বেশির ভাগ প্রকল্পে কাজ না করেই বরাদ্দ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ৩১ মে ছিল প্রকল্পের কাজ শেষ করার শেষ দিন।খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ফরিদাবাদ কবরস্থান সংস্কারের জন্য টিআরের আওতায় এক টন গম বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান গম তুলেও নিয়েছেন। কিন্তু এখনো প্রকল্পের কোনো কাজ হয়নি। সরেজমিনে গেলে এলাকার লোকজন জানান, করবস্থানের নামে গম বরাদ্দের ব্যাপারটি তাঁরা জানেন না। প্রকল্পের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, চেয়ারম্যান আজিজুল ইসলাম তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে (পিআইও) নিয়ে দুই ঘণ্টা বসিয়ে রেখে কাগজে স্বাক্ষর নেন। তিনি কোনো গম পাননি।চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, নিজেকে বাঁচাতে কিবরিয়া তাঁর ওপর দোষ চাপিয়েছেন। ওই প্রকল্পের বরাদ্দের ব্যাপারে তিনি কিছুই জানেন না। একই এলাকার কুটিপাড়া জামে মসজিদের সীমানা দেয়াল সংস্কারে এক টন গম বরাদ্দ দেওয়া হলেও সেখানে কোনো কাজ করা হয়নি। প্রকল্পের চেয়ারম্যান সেকেন্দার আলী বলেন, টাকা না দিলে তো এসব বরাদ্দ পাওয়া যায় না। সব দিয়ে যা আছে তার কাজ হবে, তবে একটু সময় লাগবে। শুধু ওই দুই প্রকল্পই নয়, তারাগঞ্জ উপজেলায় গত বছর ১৯৫ টন খাদ্যশস্য বরাদ্দের বিপরীতে নেওয়া বেশির ভাগ প্রকল্পের একই দশা।২০১১-১২ অর্থবছরে সাধারণ টিআরের আওতায় ৫৩টি প্রকল্পের বিপরীতে ৯২ টন গম ও বিশেষ বরাদ্দের ৭৪টি প্রকল্পের বিপরীতে ১০৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৩১ মের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বেশির ভাগ প্রকল্পের কাজ এখনো করা হয়নি। অথচ কাজ সম্পন্ন করা হয়েছে দেখিয়ে ভুয়া ভাউচার ও মাস্টাররোল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে দাখিল করে বরাদ্দ তুলে নেওয়া হয়েছে। কাংলাচড়া ঈদগাহ মাঠে প্রাচীর নির্মাণের জন্য টিআরের সাধারণ কোটায় দুই টন গম বরাদ্দ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, ওই প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পের চেয়ারম্যান আবদুল হামিদ বলেন, ‘কাজ শুরু করিনি, এখন করব। রাজমিস্ত্রি না পাওয়ায় দেরি হচ্ছে।’ কিসমত মেনানগর দিনাপাড়া করবস্থান সংস্কারের জন্য দুই টন গম, সয়ার শ্যামগঞ্জ ঈদগাহ মাঠ সংস্কারের জন্য এক টন গম, আলমপুর পাইকপাড়া ফোরকানিয়া মাদ্রাসা সংস্কারে এক টন গম, উত্তর শাহপাড়া ঈদগাহ মাঠ সংস্কারের জন্য এক টন গম, ফাজিলপুর চিকলী করবস্থানে মাটি ভরাটকরণের জন্য এক টন গম, ভীমপুর দাখিল মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে মাটি ভরাটের জন্য এক টন গম, হিলফুল ফুজুল সংস্থার ঘর সংস্কারের জন্য এক টন চাল, শিয়ালগাড়ী ফোরকানিয়া মাদ্রাসা সংস্কারের জন্য এক টন চাল, ডাঙ্গীরহাট কিন্ডারগার্টেন স্কুল সংস্কারের জন্য এক টন চাল বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। প্রকল্প কমিটির সভাপতিরা এখন বলছেন, টাকা জমা আছে, কাজ করবেন। উপজেলা পিআইও রেফাউল আজম বলেন, ব্যস্ততার কারণে কোনো প্রকল্পে এখনো তিনি যেতে পারেননি। এখন ঘুরে দেখবেন। কাজ না করে গম বা চাল আত্মসাতের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।