তারাগঞ্জে কাবিখার চাল কালোবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের চেয়ারম্যানরা প্রতারণার আশ্রয় নিয়ে শ্রমিকদের চালের পরিবর্তে টাকা দিচ্ছেন এবং নিয়ম ভেঙে ওই চাল কালোবাজারে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, কাজ অনুযায়ী যে পরিমাণ চাল পাওয়ার কথা, সেই পরিমাণ চাল বিক্রির টাকা শ্রমিকদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ৩৪টি প্রকল্পের বিপরীতে ২৬১ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পগুলোর বিপরীতে ২২ মার্চ প্রথম কিস্তিতে ৬৩ টন চাল প্রকল্প চেয়ারম্যানদের সরবরাহ করা হয়। প্রকল্প বাস্তবায়নের শর্ত হিসেবে শ্রমিকদের চাল দিতে হবে। কোনো অবস্থাতে চাল বিক্রি করে টাকায় শ্রমিকদের মজুরি পরিশোধ করা যাবে না। কিন্তু কোনো প্রকল্প চেয়ারম্যান এ নিয়ম মানছেন না। তাঁরা চালের পরিবর্তে শ্রমিকদের নগদ টাকা দিচ্ছেন। আর এই সুযোগে চাল ব্যবসায়ীরা বাজারের চেয়ে কম দামে প্রকল্পের চাল কিনছেন। বাজারে প্রতি টন চালের দাম ২৪ হাজার টাকা হলেও প্রকল্পের প্রতি টন চাল ২০ থেকে ২১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ঘনমিটার মাটি কাটার জন্য শ্রমিকদের দুই কেজি ৪৮৯ গ্রাম চাল দেওয়ার কথা।পিআইও কার্যালয় সূত্রে আরও জানা গেছে, হাড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল দীঘিরপাড় থেকে খিয়ারপাড়ার বৈদ্যুতিক খুঁটি পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সাত টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০ মার্চ সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৩০-৪০ জন শ্রমিক এ রাস্তায় মাটি কাটছে। এখানে প্রকল্পের সাইনবোর্ড থাকার কথা থাকলেও কোনো সাইনবোর্ড দেখা যায়নি। এই রাস্তায় কাজ করছেন রমজান আলী (৩৫)। তিনি বলেন, ‘মাটি কাটার কাজ করলে যে চাল পাওয়া যায়, তা তো হামরা জানি না। মেম্বার প্রতিদিন ১৩০ টাকা করে দিয়ে কাম করাইয়া নেয়ছে।’ প্রকল্পের চেয়ারম্যান ও হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের সদস্য মল্লিকা বেগম বলেন, ‘কেউ তো শ্রমিকদের চাল দেয় না, তাহলে আমি দেব কেন? অন্য প্রকল্পের চেয়ারম্যানরা চাল দিলে আমিও চাল দেব।’একই ধরনের অভিযোগ পাওয়া গেছে ইকরচালী ইউনিয়নের বায়ানের বাড়ি থেকে সাবেক চেয়ারম্যান জবানের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি কাটা শ্রমিকদের কাছে। এ রাস্তা নির্মাণের জন্য ছয় টন চাল বরাদ্দ দেওয়া হলেও শ্রমিকদের নগদ টাকায় কাজ করানো হচ্ছে। শ্রমিক সুমন, লাবলু, মিঠু জানান, ‘চাল চাইলে মেম্বার কামত নিবার চায় না। তাই টাকা নিয়া কাজ করা হয়েছে।’ এ প্রকল্পের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, ‘নগদ টাকা না দিলে তো শ্রমিকেরা কাজে আসতে চায় না। তাই চালের পরিবর্তে ১৫০ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, তাঁরা প্রত্যেকে প্রতিদিন ৫-৭ ঘনমিটার মাটি কাটেন। যদি কোনো শ্রমিক ৫ ঘনমিটার মাটিও কাটেন, তাহলে তাঁর প্রতিদিন সাড়ে ১২ কেজি চাল পাওয়ার কথা। প্রতি কেজি চালের দাম ২৫ টাকা করে হলেও সাড়ে ১২ কেজির দাম ২৬২ টাকা। সেখানে প্রত্যেক শ্রমিককে ১২০ থেকে ১৫০ টাকা দেওয়া হচ্ছে। পিআইও আনিছুর রহমান (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, কাবিখার চাল বিক্রির কোনো বিধান নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, প্রকল্প চেয়ারম্যানদের শ্রমিকদের মধ্যে চাল বিতরণের নির্দেশ দেওয়া আছে। এ নির্দেশ অমান্য করে কেউ শ্রমিকদের চালের পরিবর্তে টাকা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।