তারাগঞ্জে কাবিখার ২৬১ টন চাল ফেরত যাচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের ২৬১ টন চাল ফেরত যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের রাস্তা নির্মাণের জন্য কাবিখার আওতায় ২৬১ টন চাল বরাদ্দ করা হয়।গত বৃহস্পতিবার যে পাঁচটি ইউনিয়ন পরিষদের বিপরীতে চাল বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে চার ইউনিয়নের চেয়ারম্যান রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে তাঁরা অভিযোগ করেন, ২৫ ফেব্রুয়ারি কাবিখা প্রকল্প বাস্তবায়নের শেষ তারিখ। কিন্তু স্থানীয় সাংসদের স্বেচ্ছাচারিতার কারণে কাবিখার চাল ফেরত যাচ্ছে। কাবিখার চালের ভাগ দাবি করে না পেয়ে ওই সাংসদ প্রকল্প অনুমোদনের বিষয়ে সহায়তা করছেন না।স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমি কাবিখার চালের ভাগ চাইনি। ওই ইউনিয়নগুলোর জনগণ আমার কাছে অভিযোগ করেছে যে চেয়ারম্যানরা যেসব প্রকল্প দাখিল করেছেন, সেগুলোর মধ্যে বেশির ভাগ প্রকল্পের রাস্তা গুরুত্বপূর্ণ নয়। তা ছাড়া প্রকল্পগুলো বর্তমান পরিপত্র অনুযায়ী তৈরি করা হয়নি। এ কারণে ওই রাস্তাগুলো বাদ দিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য রাস্তার তালিকা করতে চেয়ারম্যানদের পরামর্শ দেওয়া হয়েছে। কাবিখা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায়ও এ বিষয়ে কার্যবিবরণী হয়েছে। কিন্তু চেয়ারম্যানেরা তা মানছেন না। তাঁরা তাঁদের আগের দাখিল করা গুরুত্বপূর্ণ নয় এমন রাস্তাগুলো অনুমোদনের দাবি করছেন। তাঁদের স্বার্থে আঘাত লাগায় তাঁরা আমার ভাবমূর্তি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ ব্যাহত করার জন্যই এসব মিথ্যা অভিযোগ করেছেন।’উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘গত বছরের ১২ ডিসেম্বর উপজেলা পরিষদের কাবিখা বাস্তবায়ন কমিটির সভায় স্থানীয় সাংসদ ইউপি চেয়াম্যানদের দাখিল করা প্রকল্পের রাস্তাগুলো পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন, ওই রাস্তাগুলো জনগুরুত্বপূর্ণ নয়। আমিও ইউপি চেয়ারম্যানদের প্রকল্পের রাস্তাগুলো যাচাই-বাছাই করে পুনরায় দাখিলের কথা বলেছিলাম। কিন্তু চেয়ারম্যানরা তা মানেননি। এ নিয়ে সাংসদের সঙ্গে চেয়ারম্যানদের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।’পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরী জানান, ২৫ ফেব্রুয়ারি কাবিখা প্রকল্প বাস্তবায়নের শেষ তারিখ। আর ২৮ ফেব্রুয়ারি ওই প্রকল্পের চাল উত্তোলন করার আদেশ প্রদানের (ডিও) শেষ তারিখ। এর মধ্যে কাজ শেষ করতে না পারলে কাবিখার চাল ফেরত যাবে।