
রংপুরের তারাগঞ্জ উপজেলায় হতদরিদ্র মানুষের নামে ১০ টাকা কেজির চালের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুস্থ ব্যক্তিদের পরিবর্তে অনেক সচ্ছল ব্যক্তির নাম কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য দুই দফায় ৯ হাজার ১১১টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। ইকরচালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ২৫ জুলাই বরাদ্দ পাওয়া ৮ হাজার ১০৩টি কার্ডের জন্য তালিকা করেন পাঁচ ইউপির চেয়ারম্যান ও সদস্যরা। গত ৩০ আগস্ট দ্বিতীয় দফায় বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৮টি কার্ড।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, একজন কার্ডধারী বছরে পাঁচ মাস ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। এ জন্য পাঁচটি ইউনিয়নে চাল বিক্রির জন্য ১৮ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বিধিমোতাবেক তালিকায় প্রথম অগ্রাধিকার পাবেন স্বামীহারা দুস্থ নারী, এরপর অগ্রাধিকার পাবেন পরিবারের প্রধান নারী, যাঁর অন্য কোনো আয়ের উৎস নেই। এরপর অগ্রাধিকার পাবে যেসব গরিব পরিবারে শিশু রয়েছে। কোনো অবস্থায় সচ্ছল, পাকা বাড়ির মালিকের নাম অন্তর্ভুক্ত করা যাবে না।
আলমপুর ভীমপুর গ্রামের কয়েকজন অভিযোগ করেন, ওই গ্রামের আমিনুর রহমানের চার কক্ষের পাকা বাড়ি, দুই বিঘা জমি, বাড়িতে টেলিভিশন আছে। তিনি কার্ড পেয়ে ইতিমধ্যে চালও উত্তোলন করেছেন। আমিনুর রহমান বলেন, ‘গরিবরা তো সরকারি সাহায্য সারা বছরই পায়, আমরা একবার পেলে দোষ কী?’
ওই গ্রামের জয়নাল আবেদীনের পাকা বাড়ি, আবাদি জমি আছে। তিনিও কার্ড পেয়েছেন। জয়নাল বলেন, ‘ভুল করে হয়তো আমার নাম তালিকায় লেখা হয়েছে। আমি ওই কার্ডের চাল নিব না। কার্ড ফেরত দিব।’
আলমপুর ইউনিয়নের ধোলাইঘাট গ্রামের এজাবুল করিম ও এরশাদুল হকেরও পাকা বাড়ি, আবাদি জমি আছে। অথচ তাঁরাও এ চালের কার্ড পেয়েছেন। এরশাদুল ও এজাবুল দাবি করেন, ‘পাকা বাড়ি থাকলে কী হবে? আমাদের তো জমি নেই। ভূমিহীন হিসেবে কার্ড পেয়েছি। তাতে দোষের কী?’
ভীমপুর মৌজার চাল বিক্রির ডিলার আলী হোসেন অভিযোগ করেন, ‘দুস্থরা বঞ্চিত হলেও অনেক সচ্ছল ব্যক্তির নাম এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভীমপুর ৭ নম্বর ওয়ার্ডে দুস্থদের জন্য বরাদ্দ দেওয়া কার্ডের প্রায় ৪০ ভাগই সচ্ছল ব্যক্তি।’
আলমপুর ইউপির চেয়ারম্যান মঞ্জুর কাদের বলেন, ওই ব্যক্তিদের নামে কীভাবে কার্ড হয়েছে তা জানা নেই। তবে অভিযোগের সত্যতা পেলে ওই ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।
কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের কেষ্ট রায়, দীপক সরকার, তপেশ চন্দ্র অভিযোগ করেন, কুর্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে তাঁদের মতো শতাধিক অসহায় দুস্থ পরিবারের সদস্য আছেন। তাঁরা কার্ড চেয়ে না পেলেও সচ্ছল ব্যক্তিরা পেয়েছেন।
রহিমাপুর গ্রামের পুষ্পজিৎ রায়ের পাকা বাড়ি, আবাদি জমি আছে। তিনিও কার্ড পেয়েছেন। পুষ্পজিৎ রায় বলেন, ‘এখন ব্যস্ত পরে কথা বলব।’ রহিমাপুর গ্রামের বাসিন্দা কুর্শা ইউপির সদস্য মিলি রানী বলেন, ‘পুষ্পজিতের পাকা বাড়ি থাকলে কী হবে, জমি তো নেই। ওর নামে কে কার্ড দিয়েছে জানি না।’
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চাল বিতরণকেন্দ্র থেকে ১৩ জন সচ্ছল ব্যক্তির কার্ড জব্দ করা হয়েছে। ওই কেন্দ্রের চাল বিতরণে তদারক কর্মকর্তা ও উপজেলা খাদ্য বিভাগের উপ-খাদ্যপরিদর্শক আফতাব উদ্দিন বলেন, ‘কার্ডের ছবি নিশ্চিত করে চাল বিতরণ করা হয়। কিন্তু কে সচ্ছল, আর কে অসচ্ছল এটা আমি চিনব কীভাবে? তবে বুড়িরহাট চাল বিতরণকেন্দ্র থেকে ১৩ জন সচ্ছল ব্যক্তির কার্ড ইউএনও স্যারের নির্দেশে জব্দ করা হয়েছে।’
বুড়িরহাট গ্রামের বাসিন্দা সয়ার ইউপির সদস্য অহিদুল ইসলাম গতকাল সোমবার বলেন, ‘কোনো সচ্ছল ব্যক্তিকে চালের কার্ড দেওয়া হয়নি। হয়তো কারও দালান বাড়ি আছে। তারা তো দিনমজুরি করে সংসার চালায়।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল বাতেন বলেন, ‘তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে বলে শুনতে পেরেছি। তবে কেউ তেমনভাবে অভিযোগ করেননি। অভিযোগ গ্রহণ করার জন্য আমার দপ্তরের সামনে অভিযোগ বাক্স বসানো হয়েছে। যে কেউ এই বাক্সে অভিযোগ ফেলতে পারেন। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও জিলুফা সুলতানা বলেন, দারিদ্র্য বিমোচনে বর্তমান সরকারের এটি একটি মহৎ পদক্ষেপ। এ ক্ষেত্রে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।