তারাগঞ্জে কৃষকের মডেল শিক্ষিত যুবক মোশফেকুর
রংপুরের তারাগঞ্জ উপজেলার কাংলাচড়া গ্রামের মোশফেকুর রহমান (৩০) ধনী কৃষক বাবার একমাত্র ছেলে। কৃষি বিষয়ে ডিপ্লোমা পাস করেছেন। বাবা হবিবার রহমানের আছে ২০ একর জমি। ইচ্ছা করলেই চাকরি কিংবা ব্যবসাকে পেশা হিসেবে নিতে পারতেন মোশফেকুর। কিন্তু তা না করে লেখাপড়া শেষে গ্রামেই ফিরেছেন মাটির টানে। হয়েছেন খাঁটি কৃষক। আম-রসুনের ফলন আর বেলে-দো-আঁশ মাটি নিয়ে কাটে মোশফেকুরের দিন।
উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে কাংলাচড়া গ্রাম। আট বছর আগেও এখানে বাণিজ্যিকভাবে রসুন-আমের চাষ হতো না। ধান ও তামাকের আবাদ নিয়েই পড়ে থাকতেন স্থানীয় কৃষকেরা। কিন্তু বেলে-দো-আঁশ মাটির এ এলাকায় রসুন আর আম চাষ যে অনেক বেশি লাভজনক হতে পারে তা প্রথম ধরতে পারেন কৃষি নিয়ে লেখাপড়া করা মোশফেকুরই। নিজে লেগে পড়েন রসুন আর আম চাষে। তাঁর সাফল্য দেখে এগিয়ে আসেন আরও অনেকে। মোশফেকুরের পরামর্শ নিয়ে রসুন-আম চাষে অন্য কৃষকেরাও লাভবান হওয়ায় ধীরে ধীরে রসুন আর আম হয়ে ওঠে এ গ্রামের অনেকেরই জীবিকার প্রধান অবলম্বন।
এখন গ্রামের মাঠজুড়ে আমের বাগান আর রসুনের খেত। গ্রামটিতে ঢোকার মুখেই মোশফেকুরের বাড়ি। সেই বাড়িতে ঢুকে দেখা গেল তিনি আম বাগানে লাগানো রসুন খেতে পরিচর্যা করছেন। সাংবাদিক পরিচয় শুনে উঠে আসেন। এরপর ঘুরে ঘুরে রসুনের খেত ও আমের বাগান দেখান আর গ্রামে আম-রসুনের আবাদ ছড়িয়ে দেওয়ার গল্প শোনান।
মোশফেকুর বলেন, ২০০৮ সালে তাজহাট কৃষি ডিপ্লোমা কলেজ থেকে ডিপ্লোমা পাস করেন। এরপর চাকরির আশায় বসে না থেকে কাস্তে-কোদাল নিয়ে কৃষিকাজে লেগে পড়েন। ২০০৯ সালে ৫০ শতক জমিতে হাঁড়িভাঙা আমের বাগান করেন আর সেই বাগানে গাছের ফাঁকে ফাঁকে রসুন চাষ করেন। ওই বছর তিনি আয় করেন ৫৫ হাজার টাকা। পরের বছর আবাদ করেন এক একরে। মোশফেকুর বলেন, ‘সবচেয়ে বেশি লাভের মুখ দেখি ২০১২ সালে। সে বছর রসুন আর আম বিক্রি করে প্রতি একরে ১ লাখ ৫৫ হাজার টাকা করে লাভ হয়। ২০১৩ সালে জমি বাড়িয়ে করি পাঁচ একর।’ এখন পাঁচ একরের আম বাগানে তিনি রসুনের চাষ করছেন। দুই একর জমিতে লিচুর বাগানও আছে। এখন ফল আর রসুন বিক্রি করে বছরে প্রায় ১০ লাখ টাকা আয় করছেন তিনি। এই টাকায় নিজে জমি, ট্রাক্টর ও মোটরসাইকেল কিনেছেন।
চাষাবাদ করে মোশফেকুর শুধু নিজের ভাগ্যই বদল করেননি। অন্য কৃষকদেরও পরামর্শ দিয়ে স্বাবলম্বী করে তুলেছেন। পাঁচ বছর আগে গ্রামের বিমল চন্দ্র ছিলেন দিনমজুর। মোশফেকুরের পরামর্শে তিনি ৩৩ শতক জমি বর্গা নেন। সেখানে শুধু রসুনের চাষ করে আজ ৭০ শতক জমির মালিক তিনি।
বিয়ের পর ২০১১ সালে লক্ষ্মণ চন্দ্রকে আলাদা করে দেন ভাইয়েরা। ভাগে পাওয়া বাবার ৩৮ শতক জমিতে আমের বাগান করেন। মোশফেকুরের পরামর্শে ওই বাগানে রসুনের চাষ শুরু করেন তিনি। এখন নিজের বাড়ি, ৬০ শতক আবাদি জমি, হালের বলদ হয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, ১৫ ফুট পরপর প্রতি একরে ৮০টি হাঁড়িভাঙা আমের চারা রোপণ করা যায়। অনেক গাছে এক বছরের মধে৵ই ফল ধরতে শুরু করে। প্রতিটি মাঝারি গাছে সার ও কীটনাশক বাবদ বছরে খরচ হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এখন আমের দিনে হাঁড়িভাঙা আম প্রতি কেজি ১০০ টাকার বেশি দামে বিক্রি হয়। চার বছর বয়সী প্রতিটি গাছের আম বিক্রি করে গড়ে ৪ হাজার টাকা পাওয়া যায়। এদিকে আম বাগানের ফাঁকে ফাঁকে রসুন চাষ করা যায়। নভেম্বর মাসে রসুন রোপণ করা হয়। তোলা হয় মার্চ-এপ্রিল মাসে। এরপরও বাগানের মাটি ফাঁকা পড়ে থাকে না। করা যায় শাকসবজির চাষ। বেলে-দো-আঁশ মাটিতে রসুন ভালো হয়। কমপক্ষে ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকা কেজি দরে রসুন বিক্রি হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, মোশফেকুর রহমান আদর্শ কৃষক। তিনি দেশের শিক্ষিত বেকার যুবকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান বলেন, চাকরির আশায় বসে না থেকে কৃষিকাজ করেও যে আয় করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত মোশফেকুর রহমান।
মোশফেকুর রহমান বলেন, ‘সবাই লেখাপড়া শেষ করে চাকরির জন্য ছোটাছুটি করে। কিন্তু ইচ্ছা থাকলে কৃষিকাজ করেও ভালো আয় করা যায়। কৃষিতে লাভ আছে, মনের আনন্দ আছে, আছে স্বাধীনতা।’