তারাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩০৬ কার্ড বাতিল
রংপুরের তারাগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালের ১ হাজার ৩০৬টি কার্ড বাতিল করা হয়েছে। এসব কার্ড সচ্ছল ব্যক্তিদের নামে দেওয়া হয়েছিল।
প্রথম আলোয় গত ১ নভেম্বর ‘তারাগঞ্জে কার্ড পেয়েছে পাকা বাড়ির মালিক, সচ্ছল ব্যক্তিও’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা বলেন, ওই সংবাদের সূত্র ধরে ওই দিনই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী বলেন, ইউএনওর নির্দেশে পাঁচটি ইউপির চেয়ারম্যানরা বিত্তবান ও কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিদের কাছে কার্ড ফেরত চেয়ে মাইকিং করেন। কমিটির সদস্যরা পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অনুসন্ধান চালান। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সচ্ছল ব্যক্তিদের নামে থাকা ১ হাজার ৩০৬টি কার্ড বাতিল করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়নে ২৬৭টি, কুর্শায় ৩১৭, ইকরচালীতে ৬০, হাড়িয়ারকুঠি ৪৮৪ ও সয়ার ইউনিয়নের ১৭৮টি কার্ড বাতিল করা হয়েছে।