তারাগঞ্জে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় এক বছরে তারাগঞ্জে ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থীর প্রাণ নিভে গেছে। গতকাল বুধবার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, আলমপুর ইউনিয়নে শেরমস্ত গ্রামের আলেফ উদ্দিনের ছেলে ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শিলু মিয়া গতকাল সকাল সাড়ে নয়টায় নিজের বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা দেয়। পৌনে ১০টায় সে সৈয়দপুর-রংপুর মহাসড়কের তারাগঞ্জের চিকলীবাজারের কাছে এলে সৈয়দপুরগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা চিকলীবাজারের কাছে গতিরোধক নির্মাণের দাবিতে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কের দুই পাশে আটকে পড়া শতাধিক ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোর কাচ ভাঙচুর করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাবি মানার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, এর আগে চিকলীবাজারের কাছে মহাসড়ক পার হয়ে স্কুলে আসার পথে সড়ক দুর্ঘটনায় এ স্কুলের শিক্ষার্থী আনোয়ারুল, কাজল ও সুমি আক্তার প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার একইভাবে স্কুলে আসার পথে শিলু মিয়া আহত হলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।