তারাগঞ্জে টিআরের দ্বিতীয় পর্যায়ের বরাদ্দও আত্মসাৎ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নেও অনিয়ম হয়েছে। কোনো কাজ না করেই বেশির ভাগ প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা সরেজমিনে ঘুরে এ চিত্র দেখা গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ে মে মাসে সাধারণ বরাদ্দের ১০৫ টন চালের জন্য ৬৯টি ও বিশেষ বরাদ্দের ১০১ টন চালের জন্য ৬৪টি প্রকল্প গ্রহণ করা হয়। গত ৩০ জুনের মধ্যে এ প্রকল্পগুলোর কাজ শেষ করার কথা। কিন্তু বেশির ভাগ প্রকল্পের কাজ এখনো করা হয়নি। অথচ কাজ শেষ হয়েছে দেখিয়ে প্রকল্পের সভাপতিরা ভুয়া ভাউচার ও মাস্টাররোল পিআইওর কার্যালয়ে জমা দিয়ে চাল তুলে নিয়েছেন।পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার উজিয়াল চাপড়ারপাড় জামে মসজিদের অজুখানা নির্মাণের জন্য টিআরের আওতায় এক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের সভাপতি চাল তুলেও নিয়েছেন। সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে কোনো কাজ হয়নি। প্রকল্পের সভাপতি আলতাফ হোসেন বলেন, ‘বরাদ্দ পেতে কিছু টাকা খরচ হয়েছে। চাল বিক্রির ১০ হাজার টাকা এখন জমা আছে। সাত দিনের মধ্যে কাজ করব।’ একই এলাকার ঝাকুয়াপাড়া পুরোনো পানি নিষ্কাশনের নালা সম্প্রসারণের কাজের জন্য বরাদ্দ করা এক টন চালের কোনো কাজ হয়নি। প্রকল্পের সভাপতি শামসুন্নাহার বলেন, ‘কাজ করিনি, এখন করব।’ফরিদাবাদ বোতলারপাড় জামে মসজিদ ঘর মেরামত ও প্রাচীর নির্মাণের জন্য টিআরের সাধারণ কোটায় তিন টন চাল বরাদ্দ পাওয়া গেছে। সরেজমিনে দেখা গেছে, ওই প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পের সভাপতি এমদাদুল হক বলেন, ‘কাজ শুরু করিনি, এখন করব। বৃষ্টির কারণে দেরি হচ্ছে।’এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে ঈদগাহ মাঠ, কিসামত মেনানগর ডাঙ্গাপাড়া কবরস্থান, ফকিরপাড়া জামে মসজিদ সংস্কার, চকতাহিরা কুঠিরডাঙ্গা কবরস্থানে মাটি ভরাট, লক্ষ্মীপুর ডারারপাড় কবরস্থান, দক্ষিণ হাজিপুর দুর্গাপাড়া মসজিদ এবং তেঁতুলতলা হাফেজিয়া মাদ্রাসা সংস্কারের জন্য এক টন করে চাল বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। প্রকল্পের সভাপতিরা জানান, বৃষ্টির কারণে ও রাজমিস্ত্রি না পাওয়ায় তাঁরা প্রকল্পের কাজ করতে পারেননি। এখন কাজ শুরু করবেন। পিআইও রেফাউল আযম বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো পাইনি। তবে ১০ জুলাই থেকে প্রতিটি প্রকল্প এলাকা ঘুরব। কাজ না করে কেউ চাল আত্মসাৎ করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’